বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সংযোগ কেটে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
এফএনএস : বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান ও গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় তিনি এ নির্দেশনা দেন। শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের প্রধানমন্ত্রীর এ নির্দেশের কথা জানান। পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘রাজশাহী এবং রংপুর বিভাগে নেসকো’র আওতাধীন এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন’ শীর্ষক প্রকল্প অনুমোদনকালে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়টি আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ বিল বকেয়া থাকলে সরকারি ও বেসরকারি সব ধরনের লাইন কেটে দিতে বলেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী স্ট্রং নির্দেশনা দিয়েছেন যে আপনি আইনানুযায়ী ব্যবস্থা নেন। নোটিশ দেন, যদি পাওনা না দেয় তাহলে লাইন কেটে দেন। প্রধানমন্ত্রী বলেছেন, আর কত হাজার হাজার কোটি টাকা পাওনা আছে। ২০২১ সালের জানুয়ারির হিসাব অনুযায়ী, সারা দেশে সরকারি ও বেসরকারি গ্রাহকদের কাছে ৮ হাজার ৫৫৬ কোটি ৬৩ লাখ টাকা পাওনা রয়েছে বিদ্যুৎ বিভাগের। এর মধ্যে বেসরকারি খাতে পাওনা ছয় হাজার ৯৬২ কোটি ৭৪ লাখ টাকা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কাছে পাওনা ৭৪৬ কোটি ৮৬ লাখ টাকা।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে দেশের ভেতরে-বাইরে অনেক চাপ ছিল। তবে দেশের জনগণ পাশে ছিল ও তাদের আশীর্বাদ ছিল বলেই পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন হয়েছে। গতকাল বুধবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দুই বছরেরও বেশি সময় পর সশরীরের একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, পদ্মা সেতু প্রকল্প শেষ পযর্ন্ত বাস্তবায়ন হয়ে গেলো। এ প্রকল্প বাস্তবায়নে নানা স্ট্রাগল ও চাপ নিয়ে একনেক সভায় খোলামেলা শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। জনগণ পাশে ছিল, জনগণের আশীর্বাদ ছিল বলেই পদ্মা সেতু। দেশের ভেতরে বাইরে অনেক প্রতিকূলতা ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা কাজটা করতে পেরেছি। এটা নিয়ে আনন্দে আপ্লুত ছিলেন তিনি। প্রধানমন্ত্রীর অনেক বড় অর্জনগুলোর পদ্মা সেতু অন্যতম। তিনি বলেন, বিদ্যুৎবিল বাকি থাকলে তা সবাইকে পরিশোধ করতে হবে। পাওনা না দিলে বিদ্যুৎ লাইন কেটে দিতে হবে। বিদ্যুৎবিল সরকারি-বেসরকারি সবাইকে দিতে হবে। সবাইকে অবশ্যই বিল পরিশোধ করতে হবে। প্রতিটি স্থলবন্দর আপগ্রেড করতে হবে। স্থলবন্দরগুলোতে আধুনিক স্থাপনা ও সিস্টেম বসাতে বলেছেন প্রধানমন্ত্রী। গ্রামীণ সড়কের টেকসই উন্নয়নে নানা দিকে নজর দিতে হবে। নতুন সড়ক নির্মাণ প্রয়োজন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
