রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের বেহালদশা
স্টাফ রিপোর্টার : বন অধিদপ্তরের নিয়ন্ত্রাধিন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণবিভাগ রাজশাহীর কার্যালয়ের বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের বেহালদশা। সেটিকে ঘিরে রয়েছে নানা অভিযোগ আর নিয়ম ব্যত্যয়ের কর্মকান্ড। সরকারি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে মাসের পর মাস উদ্ধার করা পশুপাখিগুলোকে আটকে রাখারও অভিযোগ আছে। আছে নিয়মতি খাবার না দেওয়া ও অযত্নের অভিযোগ। পুরো কার্যালয় জুড়ে ছোট ছোট জঙ্গল আর ঝোপঝাড়ে পরিপূর্ণ। পশুপাখি রাখার স্থানজুড়ে ময়লা আবর্জনা আর কাদামাটিতে পরিপূর্ণ।
স্থানীয় ব্যক্তি ও বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার সকালে সরেজমিনে নওদাপাড়াস্ত পুনর্বাসন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানে কর্মরত দুজন অফিস কক্ষে না বসে বিছানায় শুয়ে আছেন।
সেখানে কর্মরত ফরেস্টার ইউসুফ আলী পুনর্বাসন কেন্দ্রের খাঁচাগুলো খুলে দিলে দেখা যায় সেখানের ছোট ছোট লোহার খাঁচায় আটকানো আছে চারটি বানর। অন্য দুটো খাঁচার একটিতে রয়েছে পুর্ণবয়স্ক একটি ময়না পাখি আর অন্যটিতে রয়েছে একটি টিয়া পাখি। ফরেস্টার ইউসুফ আলীর দেয়া তথ্যমতে, গত ২২ মার্চ নওহাটা মডেল মসজিদ এলাকা থেকে ময়না পাখিটি উদ্ধার করে কর্তৃপক্ষ। সরকারি নিয়মানুযায়ী উদ্ধারের সাত দিনের মধ্যে উদ্ধারকৃত পশুপাখিকে অবমুক্ত করে দেওয়ার নিয়ম থাকলেও আজ অবদি সেগুলো খাঁচায় বন্দি করে রেখেছে কর্তৃপক্ষ। মাসখানেক পূর্বে দুর্গাপুর এলাকা থেকে উদ্ধার করা হয় একটি টিয়া পাখি।
সেটিকেও নিয়মানুযায়ী অবমুক্ত না করে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। বানর থেকে শুরু করে ময়না ও টিয়া পাখির খাঁচার ভেতরে থাকা খাবারের ছোট ও মাঝারি আকৃতির বাটি ও প্লেটগুলোতেও নেই কোন খাবার। প্লেটগুলো খাবার বা শস্যবিহীন কয়েকদিন ধরে পড়ে আছে। বিশ্বস্থ সূত্র জানায়, পশুপাখি উদ্ধারের পর সেগুলোর যত্ন নেবার পাশাপাশি তাদেরকে নিয়মিত খাবার দেবার কথা থাকলেও তা করা হয়না। উদ্ধারকৃত পশুপাখিগুলোর খাবার ও উপযুক্ত যত্নের প্রেক্ষিতে নির্দিষ্ট একটি বাজেট আছে। উদ্ধারকৃত পশুপাখিগুলোকে নিয়মমিত খাবার বা যত্ন না নিলেও খরচের খাতায় সেগুলো তুলতে ভুল করেন না দায়িত্বরতরা বলেও অভিযোগ আছে।
ফরেস্টার ইউসুফ আলী এক প্রশ্নের জবাবে বলেন, ২০১৬ সালের পর থেকে তাদের এখানে কোন ভেটেরিনারি ডাক্তার নেই। কিন্তু নিয়মানুযায়ী সর্বদাই একজন থাকার কথা। ডাক্তার না থাকার কারণে গেল সপ্তাহে একটি বানর মারা গেছে। উদ্ধার করা কোন পশু মারা গেলে সেটির সুরতহাল করে সেই রিপোর্ট ঢাকাস্থ প্রধান কার্যালয়ে পাঠানোর নিয়ম আছে। কিন্তু সেই নিয়মেরও ব্যত্যয় ঘটেছে রাজশাহী কার্যালয়ে। ফরেস্টার ইউসুফ বলেন, উদ্ধার করা আহত বানরটিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডা. হেমায়েতুল আরিফ চিকিৎসা সেবা দিয়েছিলেন। কিন্তু সেটিকে বাচানো যায়নি। মৃত্যুবরণ করা বানরটিকে উদ্ধার করা হয়েছিল শিবগঞ্জ উপজেলার দুর্লবপুর এলাকা থেকে।
এদিকে, ইউসুফের দেয়া তথ্য মতে, গত ১১ থেকে ১৩ মার্চ তারিখে রাজশাহী বিমানবন্দরের পিছনের সোনারপাড়া গ্রাম থেকে তিনটি বানর উদ্ধার করে কর্তৃপক্ষ। কিন্তু স্থানীয়রাসহ সূত্র বলছে কয়েক মাস আগে বানরগুলো উদ্ধার করা হলেও সেগুলো এখানো অবমুক্ত করেননি কর্তৃপক্ষ। সরেজমিনে গিয়ে দেখাগেছে, পশুপাখিকে আটকে রাখা খাঁচাগুলোই শুধু নয়, বড় বড় খাঁচাগুলোরও বেহাল দশা। বড় আকৃতির খাঁচাগুলোর উপরের টিনগুলো নষ্ট হয়ে যাওয়াতে অনায়াসেই সেখান দিয়ে বৃষ্টি পানি পড়ে আবদ্ধ থাকা পশুপাখিগুলো বিজে চৌচির হয়ে যাবে।
গতকাল সরেজমিনে গিয়ে সেটির সত্যতাও দেখতে পারা গেছে। বড় বড় খাঁচার এমন বেহালদশা কেনো প্রশ্নে জবাবে ফরেস্টার ইউসুফ আলী বলেন, আমাদের এই অফিসটা সরকারি রাজস্ব দ্বারা চলেনা। আমাদেরটা উন্নয়নমূলক খাতের দ্বারা চলে। তাই এগুলো মেরামত করা কিছুটা কষ্টকর ! সেখানে গিয়ে কুমির রাখার জন্য তৈরি করা সৌচাগারটির উচ্চতা আর সেটির ব্যাসার্দ্ধ দেখে হতবাগ হতে হয়েছে। উচ্চতা মাত্র আড়াই ফিট। লম্বাতে সর্বোচ্চ সাত ফিট। আর প্রসার মাত্র তিন ফিট! একটি কুমির কিভাবে সেখানে অবস্থান করবে সেটি ভাবিয়ে তুলেছিল অবস্থানটি দেখার পর।
পশুপাখি উদ্ধারের সাত দিনের মধ্যে সেগুলোকে অবমুক্ত করার বাধ্যবাধকতা থাকলেও কেনো মাসের পর মাস সেগুলোতে আটকে রাখা হয় প্রশ্নের জবাবে বিভাগীয় বন কর্মকর্তা নিয়ামুর রহমান ও দায়িত্বরত ফরেস্টার ইউসুফ আলী বলেন, উপযুক্ত স্থান ছাড়া এগুলোকে অবমুক্ত করা যায় না। আমার অতিশীঘ্রই সেগুলোকে গাজিপুরের রাজেন্দ্রপুর কিংবা মধুপুরে গিয়ে অবমুক্ত করবো। এতোদিন কেনো অবমুক্ত করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়নি জানকে চাইলে কোন উত্তর পাওয়া যায়নি। এদিকে, বিভাগীয় বন কর্মকর্তা নিয়ামুর রহমানের বিরুদ্ধেও আছে বেশকিছু অভিযোগ। কয়েকমাস পূর্বে কুষ্টিয়াতে বদলীর আদেশ আসলেও নিজের পরিবার রাজশাহীতে অবস্থান করার কারনে উচ্চ মহলে লবিং গ্রপিং করে কুষ্টিয়া জেলায় বদলি হবার বিষয়টি ডিসমিস করে রাজশাহীতেই থেকে যান।
নিজ জেলা টাঙ্গাইলে বেড়াতে গেলেও তিনি ল্যাগেজ বহনের জন্য অফিসের কোন না কোন কর্মচারিকে ক্ষমতার বলে জোড় করে নিয়ে যান বলেও অফিযোগ আছে। এছাড়াও অফিসের কাজে সরকার থেকে দেওয়া গাড়িটি নিজে ব্যবহার করার চাইতে তিন মেয়ের লিখাপড়া, প্রাইভেটসহ স্ত্রী ও মেয়ের জামাইয়ের ব্যক্তিগত কাজে দেদাড়ছে ব্যবহার করেন বলেও জানাই সূত্র। অফিসের কোন স্টাফ বাসার কাজ করতে রাজি না হলে তার সাথে করা হয় চরম অসদাচরন বলেও জানায় ভুক্তভোগিরা। বিশ্বস্ত সূত্র থেকে জানাগেছে, রাজশাহী কার্যালয়ের ডিএফও নিয়ামুর রহমান ঢাকাস্থ উর্দ্ধতন কর্মকর্তাদের কথাও শোনেন না বলেও অভিযোগ আছে।
