চাঁপাইনবাবগঞ্জের বজ্রপাতে বাবা ও ছেলে নিহত, ১০ গরুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলে নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তারা পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন। মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পর গতকাল শুক্রবার দুপুরে জেলে নিহত বদিউরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বজ্রপাতে নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মিন্টুর ছেলে বদিউর (৪২) ও তার ছেলে আওয়াল (২২)। পদ্মা নদীর ধুলাউড়ি ঘাট থেকে বদিউরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ছেলে আওয়ালের মরদেহ নিখোঁজ ছিল।
দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজিব রাজু বলেন, বাবা-ছেলে গত বৃহস্পতিবার বিকেলে মাছ ধরতে বাসা থেকে বের হয়। এরপর সন্ধ্যায় বজ্রপাতের শিকার হয় তারা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মায় অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে। তবে ছেলে আওয়াল এখনও নিখোঁজ রয়েছে। উদ্বার অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক ছাবের আলী প্রামাণিক জানান, বাবার মরদেহ উদ্ধার করা হলেও তীব্র স্রোতে পদ্মা নদীতে তলিয়ে গেছে ছেলের মরদেহ। তবুও নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার অভিযানে কাজ করছে ডুবুরি দল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যায় বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, দুইজন নিহতের বিষয়টি জানতে পেরেছি। তবে একজনের মরদেহ উদ্ধার হওয়ার পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে, খবর পেয়ে শুক্রবার (২০ মে) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে নিহতের পরিবারের সদস্যদের নিকট নগদ ৪০ হাজার টাকা প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু ও ইউপি সদস্য আকতারুল ইসলাম প্রমুখ।
অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের ১০টি গরুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামে এ ঘটনা ঘটে।
এতে বাখের আলী গ্রামের হাবিবুর রহমানের দুটি, মো. বুদ্ধুর একটি, আনারুল ইসলামের একটি, নজরুল ইসলামের তিনটি ও উজিরের তিনটি গরু মারা গেছে। স্থানীয় বাসিন্দা ও প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সারাদিন মাঠে চরানোর পর রাতে বাখর আলী এলাকায় একটি বাগানে গরুগুলো রাখা হয়েছিল। রাত ৮টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া শুরু হয়। এসময় বজ্রপাতে একই স্থানে থাকা ১০টি গরু মারা যায়। গরুর মালিক নজরুল ইসলাম জানান, একই জায়গায় থাকায় বজ্রপাতে সবগুলো গরু মারা গেছে।
তবে কোন মানুষ হতাহত হয়নি। বজ্রপাতের সাথে সাথে বাগানে গিয়ে দেখি কোন গরু বেঁচে নেই। আমার দুইটি বড় ও একটি মাঝারি সাইজের গরু ছিল। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান মুঠোফোনে বলেন, বজ্রপাতে কারনে একই সাথে মোট ১০টি গরুর মারা গেছে। তারমধ্যে আটটি গাভী ও দুটি বাছুর মৃত্যু ছিল। যেসব ব্যক্তির গরু মারা গেছে, তাদের তালিকা করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
