প্রধানমন্ত্রী ছোট বোনকে সঙ্গে নিয়ে বনানীতে পরিবারের সদস্যদের কবর জিয়ারত করলেন
আরা ডেস্ক : আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বনানী কবরস্থানে পরিবারের শহীদ সদস্যদের কবর জিয়ারত করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস বাসসকে এ কথা জানান। কায়েস বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের গুলিতে নৃশংসভাবে বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সদস্যদের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী ও তাঁর ছোট বোন। তাঁরা শহীদদের আত্মার শান্তি কামনা করেন।’ ইমরুল কায়েস জানান, শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের সদস্যদের কবরে গোলাপের পাপড়ি ছিটিয়ে দেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেন। ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেননি, তাঁদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।
পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তাঁর ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগনে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি এবং আবদুল নাঈম খান রিন্টু, কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা (বর্তমান প্রধানমন্ত্রী) ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। সূত্র- বাসস/পদ্মাটাইম
