১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মুহিতের দাফন আজ সিলেট, আ. লীগের ২ দিনের শোক কর্মসূচি

প্রকাশিত: ১ মে ২০২২, ১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: lead
মুহিতের দাফন আজ সিলেট, আ. লীগের ২ দিনের শোক কর্মসূচি
বিজ্ঞাপন

এফএনএস : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, সাবেক অর্থমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবুল মাল আবদুল মুহিতকে আজ রোববার সিলেটে সমাহিত করা হবে। তার মৃত্যুতে সিলেট আওয়ামী লীগ দুইদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল শনিবার দুপুরে নগরীর হাফিজ কমপ্লেক্সে জেলা ও মহানগর আওয়ামী লীগের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন একথা জানান। রোরবার বেলা ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এ এম এ মুহিতের সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে রোববার দুপুর ১২টায় তার লাশ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার পছন্দে নির্মিত সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হবে। জানাজা শেষে মুহিতের ইচ্ছানুযায়ী রায়নগরে ডিপুটি বাড়িতে মরহুমের পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে সমাহিত করা হবে। ঢাকার আনুষ্ঠানিকতা শেষে গতকাল শনিবার বিকেলে সিলেটের উদ্দেশ্যে সড়ক পথে মুহিতের মরদেহে রওয়ানা করে, রাতে নিজ বাসভবন সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্স তার লাশ পৌঁছানোর কথা ছিল। রোববার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ প্রস্তুতির কাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন।

এদিকে সাবেক অর্থমন্ত্রী ও ভাষা সৈনিক আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে দুইদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। গতকাল শনিবার ও রোববার ২ দিনব্যাপী শোক কর্মসূচির মধ্যে রয়েছে কালোব্যাজ ধারণ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, সিলেটের সকল উপজেলায় ও সিলেট মহানগরের সকল ওয়ার্ডের বিভিন্ন মসজিদ ও মন্দিরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন। পবিত্র ঈদুল ফিতরের পরের দিন বাদ জোহর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন