উত্তরের বিভিন্ন জেলায় কালবৈশাখীর তাণ্ডব
এফএনএস : নীলফামারীর সৈয়দপুরে বজ্রপাতের ঘটনায় ৯টি বাড়ি পুড়ে ছাই হয়েছে। দিনাজপুরে কিশোরী নিহত, হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কবিরাজপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় নগদ ৩ লাখ টাকাসহ অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয়রা জানান, ঝড় ও বজ্রের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। প্রচণ্ড শব্দে বজ্রপাতের একপর্যায়ে ওই গ্রামের অতুল চন্দ্র সরকার ও প্রদীপ চন্দ্র সরকারের বাড়িতে আগুন ধরে যায়। আগুন মুহূর্তের মধ্যে পাশের বিপুল চন্দ্র সরকার, বিনয় চন্দ্র সরকার, বাবুল চন্দ্র সরকার, কমল চন্দ্র সরকার, রাজেন্দ্র চন্দ্র সরকারসহ অন্যান্যের বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নীলফামারী সদরের উত্তরা ইপিজেড, সৈয়দপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ছয়টি বাড়ি সম্পূর্ণ এবং তিনটির বেশির ভাগ অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে তার আগেই ছয়টি বসতবাড়ি সম্পূর্ণ ও তিনটি বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনের চেষ্টা চলছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাথ সরকার জানান, তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে। শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি: নীলফামারী জেলার ওপর দিয়ে গত মঙ্গলবার রাতে শিলাবৃষ্টিসহ ঝড় বয়ে গেছে। বৃষ্টি হওয়ায় ভ্যাপসা গরম কমে জনজীবনে প্রশান্তি এলেও ঝড় ও শিলার কারণে ক্ষতি হয়েছে ফসলের। এ ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে আসে। এরপর ঝড়ের সঙ্গে শুরু হয় ব্যাপক শিলাবৃষ্টি।
এর আগের তুলনায় এ শিলা ছিল আকারে বড়। ফলে শিলার আঘাতে ইরি-বোরো, তামাক, ভুট্টা, পাট, শাক-সবজি মাটিতে নেতিয়ে পড়ে। ঝড়ে অনেক স্থানে বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো কোনো স্থানে গাছপালা উপড়ে পড়ার খবর মিলেছে। জেলা ও উপজেলা কৃষি বিভাগ জানায়, মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। কয়েকদিন আগে শিলাবৃষ্টির পর এ শিলাবৃষ্টি ও ঝড়ে ফসলের অপূরণীয় ক্ষতি হয়েছে।
দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুর, নবাবগঞ্জ ও খানসামা উপজেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের তাÐবে কমপক্ষে এক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় দেয়ালচাপা পড়ে পার্বতীপুর উপজেলায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সময় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আম, লিচু ও ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নিহত কিশোরী পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের শওকত আলীর মেয়ে উম্মে কুলসুম (১৩)। স্
থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাতে পার্বতীপুর, নবাবগঞ্জ ও খানসামা উপজেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে ঘরবাড়ি গাছ-পালাসহ আমলিচু ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় ঘুমন্ত অবস্থায় দেয়ালচাপা পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ঝড়ে মারা যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল ও পার্বতীপুর মডেল থানার ওসি ইমাম জাফর ঘটনাস্থল পরিদর্শন করছেন। তারা দেয়ালচাপা পড়ে কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুর : রংপুরে তাÐব চালিয়েছে কালবৈশাখী। এতে আম, ভুট্টা, গম, ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের স্থায়িত্ব কম হলেও কোথাও কোথাও ঘরবাড়ির ক্ষতির হয়েছে। ঝড়ে উড়ে গেছে বিভিন্ন ধরনের স্থাপনা। বৃষ্টির পানির চেয়ে শিলার তোপে মাটিতে নুয়ে পড়েছে সবুজ ক্ষেত। গত মঙ্গলবার রাত ৯টার পর থেকে থেমে থেমে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আঘাত হানে জেলার বিভিন্ন উপজেলায়। রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানায়, বৃষ্টির পরিমাণ কম হলেও বাতাসের বেগ বেশি ছিল। কোথাও কোথাও ভারি বজ্রপাতও হয়েছে।
উপজেলার বড় আলমপুর ইউনিয়নের শ্যামদাসের পাড়া, ষোলঘড়িয়া ও আলমপুরে গাছপালা উপড়ে গেছে। মাটির বাড়িঘর ভেঙে যায়। কারো কারো ঘরের চাল উড়ে গেছে। ধসে পড়েছে বাড়ির দেয়ালও। স্থানীয় আজমল হোসেন জানান, ঝড়ের স্থায়িত্ব ছিল ২০-২৫ মিনিট। কিন্তু এ অল্প সময়ের মধ্যে ঝড়ে বড় আলমপুর ইউনিয়নের ঘরবাড়ি, গাছগাছালি ও উঠতি ফসলের ক্ষতি হয়েছে। কিছুকিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শ্যামদাসের পাড়া গ্রামের সোলেমান মিয়া বলেন, সারাদিন আকাশে মেঘ ছিল না। হঠাৎ রাতে যখন ঘুমানোর প্রস্তুতি চলছিল ঠিক তখনই ঝড়বৃষ্টি শুরু হয়। ঝড়ে ঘরবাড়িসহ আশপাশের অনেকের বাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে।
বড় আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম বলেন, প্রায় অর্ধশত বাড়িঘর ভেঙে গেছে। এ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে তালিকা করে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। এদিকে পীরগঞ্জ ছাড়া কাউনিয়া, বদরগঞ্জ, গঙ্গাচড়া উপজেলার বেশ কয়েকটি গ্রামে তাÐব চালিয়েছে কালবৈশাখী। ঝড়ে কাউনিয়ার বিভিন্ন স্থানে বড় বড় গাছ ভেঙে পড়েছে। তছনছ হয়েছে অনেকের ঘরবাড়ি। ঝড়ে রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ায় সকালে মীরবাগে কুড়িগ্রাম এক্সপ্রেস চলাচলে বিঘ্ন ঘটে।
রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম কামরুল হাসান জানান, রাত ৯টা ৫ মিনিট থেকে রাত ৯টা ৫৫ মিনিট পর্যন্ত জেলার বিভিন্ন স্থানসহ প্রত্যন্ত এলাকাতে ঘুর্ণিঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড়ের স্থায়িত্ব ছিল ৫০ মিনিট। এ সময় ৭ দশমিক শূন্য মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝড়ের সঙ্গে বজ্রপাতের পাশাপাশি বাতাসের বেগ বেশি ছিল।
