তৃতীয় পর্যায়ে রাজশাহীতে ঘর পেলো ১১৪৯ পরিবার
স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে সারাদেশে জমিসহ ঘর পেল ৩২ হাজার ৯০৪টি পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত জমিসহ গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন। এর আওতায় তৃতীয় পর্যায়ে রাজশাহী জেলায় ১ হাজার ১৪৯টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়।
জেলা প্রশাসক আব্দুল জলিল মঙ্গলবার সকালে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ উপজেলার উপকারভোগী ভূমিহীন ও গৃহহীনদের হাতে জমির দলিলসহ গৃহের প্রতীকী চাবি তুলে দেন। পবা উপজেলায় ১৪০টি পরিবারকে এ পর্যায়ে গৃহ প্রদান করা হয়। ২ শতাংশ খাস জমির বন্দোবস্ত করে উপকারভোগীদেরকে এসব গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। এসব গৃহের প্রতিটিতে রয়েছে দুটি বেড রুম, একটি কিচেন রুম, একটি ইউটিলিটি রুম, একটি টয়লেট। সেমিপাকা প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা।
উপজেলা পরিষদ মিলনায়তনে পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন, জেলা মহিলা লীগের সভাপতি মর্জিনা পারভীন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, নওহাটা পৌর প্যানেল মেয়র আজিজুল হক। বিআরডিবি কর্মকর্তা মোসা. শামসুন্নাহার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার বিপুল কুমার মালাকার। বাড়ীপ্রাপ্তদের মধ্যে থেকে অনুভূতিপ্রবন বক্তব্য রাখেন রাশেল ও পারভীন সুলতানা।

বাগমারা
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ঘর পেলেন ৭১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ঈদের আগে উপহার হিসেবে এই ঘর দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালী যুক্ত ছিলেন। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনরা এসব ঘর পেল। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ঘরগুলোর দলিল প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, প্রকৌশলী খলিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. মাহমুদ হাসান প্রমুখ। প্রতিটি নির্মাণে ব্যয় হয়েছে দুই লক্ষ ৫৯ হাজার টাকা। এতে ঘর, বারান্দা, টয়লেটসহ রান্না ঘর আছে। এর আগে বাগমারায় ২য় ধাপে ৭৭টি এবং ১ম ধাপে ১৭৫টি ঘর প্রদান করা হয়েছে।
গোদাগাড়ী
গোদাগাড় প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন ২২৯ টি পরিবারকে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জানে আলমের সভাপতিত্বে ঘরের দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের উপ পরিচালক শাহানা আকতার জাহান ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজউদ্দীন বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি,সহকারী কমিশনার ভুমি তাসমিনা খাতুন, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) প্রকৌশলী আবু বাশির,উপজেলা এলজিইডি প্রকৌশলী সাদরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরী প্রমূখ।
উল্লেখ্য যে ২ শতাংশ জায়গায় প্রতিটি ঘরে দুটি কক্ষ রয়েছে, সঙ্গে রয়েছে রান্নাঘর ও শৌচাগার। প্রতিটি ঘরের চারপাশে খোলা জায়গা রয়েছে, যেখানে উপকারভোগীরা চাইলে শাকসবজি আবাদ করতে পারবেন। সভায় বক্তারা বলেন, উপকারভোগীর সন্তানদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা হবে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ বাড়ী পেয়ে গোদাগাড়ী উপজেলার ২২৯ টি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞ জাপন করে।
তানোর
তানোর প্রতিনিধি : একটা ঘর পেয়ে মানুষ যখন হাসে তখন সব থেকে বেশি ভালো লাগে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা এটাই তো চেয়েছিলেন। ২৬ এপ্রিল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রায়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপে ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, একটা ঘর পেলে মানুষের সব কিছু পেয়ে যায়। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে অনেক বেদখল জমি উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ জন্য প্রকল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ২০২১ সালের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে ৬০ হাজার ১৯১টি ঘর, একই বছর ২০ জুন ৫৩ হাজার ৩০০টি ঘর হস্তান্তর করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মিত মোট ঘরের সংখ্যা এক লাখ ১৭ হাজার ৩২৯টি। তৃতীয় পর্যায়ে নির্মাণাধীন একক ঘরের সংখ্যা ৬৫ হাজার ৬৭৪টি। এর মধ্যে আজ ৩২ হাজার ৯০৪টি হস্তান্তর হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলামের সঞ্চালনায় ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মধ্যে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনিয়া সরদার ও আবু বাক্কার,
উপজেলা সহকারী কমিশনার(ভুমি)স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইন্চার্জ ওসি কামরুজ্জামান মিয়া,উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সাদিকুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিত প্রমুখ। এছাড়াও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।
