১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২, ৭:১০ পূর্বাহ্ণ | বিভাগ: lead
আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ
বিজ্ঞাপন

এফএনএস : সিলেট ও ময়মনসিংহ ছাড়া ঢাকাসহ যেসব এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও আকাশ মেঘলা হলে ছিটেফোঁটা বৃষ্টিও হতে পারে। তবে এতে কমবে না ভ্যাপসা গরমের অনুভূতি। বরং আগামী কয়েকদিন এই আবহাওয়াই বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও ঈশ্বরদিতে; ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা।

এ ছাড়া ঢাকায় ৩৬, ময়মনসিংহ ৩৪, চট্টগ্রামে ৩৩ দশমিক ৭, সিলেটে ৩৩ দশমিক ৫, রংপুরে ৩৪ দশমিক ৮, খুলনায় ৩৯ দশমিক ৩ এবং বরিশালে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে তীব্র তাপপ্রবাহ, বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর ও রাঙামাটি অঞ্চলসহ ঢাকা বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুএক জায়গায় বৃষ্টি হতে পারে। ফলে আগামী দুই থেকে তিনদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন