রাজশাহীতে বাটা কোম্পানীর প্রতারণা ফাঁদ!
স্টাফ রিপোর্টার : স্টিকার তুলতেই বেরিয়ে পড়ে থলের মধ্যে লুকিয়ে রাখা বাটা কোম্পানীর প্রতারণার কালো বিড়াল। ওই স্টিকারে সেন্ডেল জোড়ার আগের দাম লেখা ছিল ৯৯৯। মূল্য কারসাজির মাধ্যমে স্যান্ডেল জোড়ার দাম দেওয়া হয়েছে ১ হাজার ২৯৯ টাকা। ফলে ক্রেতাদের বোকা বানিয়ে প্রতি জোড়া সেন্ডেলে ৩০০ টাকা বাড়তি নেওয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে। আর সে সময় ঈদ বাজারে উপস্থিত ক্রেতাদের ভাষ্য, কোম্পানীটি বাংলাদেশে যেন একেবারেই মগের মুল্লুক পেয়ে গেছে। ট্যাগে লাগানো স্টিকারে সেই মূল্য প্রদর্শন করেই ঘটনার আগ মুহূর্ত পর্যন্ত হাতিয়ে নিয়েছে টাকা। যার পরিমান আমরা কেউ জানিনা। তারা মন্তব্য করে বলেন, হতে পারে শুধু এই মডেলের সেন্ডেল থেকেই কোম্পানীটি সারাদেশ থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
এসময় আরেকটি জোড়া সেন্ডেলের স্টিকার তুলতেই ফের বের হয় থলের মধ্যে লুকিয়ে রাখা অপর একটি মূল্য কারসাজির বিড়াল। যে জোড়া স্যান্ডেলের ৯৯৯ টাকার স্টিকারের ওপরে আগের দাম ছিল ৭৯৯ টাকা। ফলে এই মডেলের সেন্ডেল থেকেও স্টিকার বসিয়ে জোড়া প্রতি আদায় করা হয়েছে বাড়তি ২০০ টাকা। তবে মূল্য কারসাজির অভিযোগে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকার এই বাটা বিক্রয় কেন্দ্রকে কারণ দর্শনোর জন্য ডাকা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ে।
প্রতারণা ধরে পড়ে যাওয়ার ঘটনাটি গত শনিবারের হলেও জরিমানা করা হয় গতকাল রোববার। এ সময় নগদ ৩০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উভয় পক্ষের শুনানি শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ জরিমানা আরোপ করেন। তবে এত বড় প্রতিষ্ঠানের এমন গুরুতর অপরাধ প্রমাণিত হওয়ার পরও মাত্র ৩০ হাজার টাকা জরিমানা করায় খুশি হতে পারেননি ক্রেতাসহ অন্যান্যরা। তাদের ভাষ্য এমন অপরাধের ক্ষেত্রে এসব কোম্পানীর লক্ষাধিক টাকা জরিমানা করা উচিত।
জারিমানার পর ঘটনার বিষয়ে সহকারী পরিচালক জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে শনিবার (২৩ এপ্রিল) নগরীর নিউমার্কেট এলাকার বাটার ওই বিক্রয় কেন্দ্রটিতে অভিযান চালায়। সেসময় দুটি মডেলের স্যান্ডেলে মূল্য কারসাজির প্রমাণ পাওয়া যায়। পরে ওই স্যান্ডেল জব্দ করে বাড়তি মূল্য নেওয়ার কারণ ব্যাখ্যা করতে রোববার (২৪ এপ্রিল) আমাদের বিভাগীয় কার্যালয়ে ডাকা হয়েছিল।
শুনানিতে বাটার প্রতিনিধি উপস্থিত হলেও এ ঘটনার সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে নগরজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকরে বলেও জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
