আওয়ামী লীগ সরকার কৃষি ও কৃষক বান্ধব : এমপি এনামুল
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় ২০২১-২২ অর্থ বছরের খরিপ-১/ ২০২২-২৩ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রকৌশলী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথি বলেন, কৃষককে আর সারের জন্য গুলি খেয়ে মরতে হয় না। সার-বীজ এখন কৃষকের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া হয়। আওয়ামীলীগ সরকার কৃষকের সরকার। কৃষক বাঁচলে, বাঁচবে দেশ। জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষকের স্বার্থ রক্ষায় সর্বদাই কাজ করে চলেছেন। তিনি কৃষকের সব ধরণের ভূর্তুকি বৃদ্ধি করেছেন। বিনামূল্যে সার ও বীজ প্রদান করছেন। সেই সাথে সহজ শর্তে কৃষকদের লোন দেওয়ার ব্যবস্থা করেছেন।
তিনি বিগত বিএনপি সরকারের সার নিয়ে কৃষকদের সাথে প্রতারনার কথা তুলে ধরে বলেন, তারা সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করেছে এবং বিএনপি’র এমপি মন্ত্রীরা সার কালোবাজারি করে রাতারাতি কোটিপতি বনে গেছে। নামে ভুর্তিকীর কথা থাকলেও কৃষকরা পেত না। প্রধান অতিথি আরো বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যাতে সঠিক ভাবে ফসল উৎপাদন করতে পারে সে জন্য বিনামূল্যে বীজ ও সার প্রদান করছে সরকার। বর্তমান সরকার বিনামূল্যে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ অব্যাহত রেখেছেন।
আওয়ামী লীগ সরকার কৃষি ও কৃষক বান্ধব। আওয়ামী লীগ সরকার সব সময় কৃষকের পাশে রয়েছে। প্রতি বছর উপজেলার হাজার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদান করে চলেছে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার। উপজেলা আনসার প্রশিক্ষক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীঅগের ভারপপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাকলাইন হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী উপজেলা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, এসওপিপিও শফিকুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খরিপ-১/২০২২-২৩ মৌসুমে উপজেলার ৩ হাজার ৪০০ জন কৃষকের মাঝে আউশ ধান বীজ ৫ কেজি, ডিএপি ২০ কেজি এবং এমওপি ১০ কেজি করে বিতরণ করা হয়।
