বাগমারায় ভূয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি-হয়রানীর অভিযোগ
মচমইল থেকে সংবাদদাতা : দামি মোটরসাইকেল, সামনে পিছনে লাগানো পুলিশের স্টিকার। দেখে যে কেউ মনে করবেন ভদ্রলোক পুলিশের একজন কর্মকর্তা। আসলে তা নয়। তিনি একজন ঠক-বাটপার ও প্রতারক। কখনও নিজেকে পুলিশের সোর্স কখনও পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে নিরিহ নিরপরাধ লোকজনকে মাদকসহ বিভিন্ন হয়রানীমূলক মামলায় গ্রেফতারের হুমকি দিয়ে অর্থ আদায় করে থাকেন। আবার পুলিশ সহ সেনা বাহিনীতে চাকুরীর প্রলোভন দিয়ে প্রতারিত করেছেন একাধিক ব্যক্তিকে এবং হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। অনেকে টাকা হারিয়ে তার পিছনে হন্যে হয়ে ঘুরছেন। ফলে বর্তমানে আত্মগোপন করে আছেন এই প্রতারক।
উপজেলার নরদাশ ইউনিয়নের নরদাশ পূর্বপাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র রেজাউল ইসলামের বিরুদ্ধে প্রতারণার এমন অভিযোগ অনেক। গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে প্রতারনার অভিযোগ দায়ের করেন গ্রামবাসী। গ্রামবাসীর পক্ষে শামীম হোসেন লিখিত অভিযোগটি দায়ের করেছেন।
অভিযোগ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, প্রতারক রেজাউল ইসলাম এলাকায় কখনও পুলিশ কর্মকর্তা আবার কখনও পুলিশের সোর্স পরিচয় দিয়ে নিজ এলাকা ও এলাকার বাইরে চাঁদাবাজি শুরু করেছে। সে পুলিশ লিখা একাধিক স্টিকার লাগানো হাইফাই মোটরসাইকেল ব্যবহার করে ও এলাকার লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে। এই মোটর সাইকেলে সে হ্যান্ডকাপ নিয়েও ঘুরে বেড়ায় বলে জানায় গ্রামবাসী। এভাবে রেজাউল পুলিশ দিয়ে হয়রানী ও মিথ্যা মাদক মামলায় গ্রেফতারের ভয় দেখিয়ে গ্রামের নিরিহ নিরাপরাধ মানুষকে জিম্মী করে অর্থ আদায় করে থাকে।
তবে রেজাউলের এসব কাজে স্থানীয় হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কতিপয় পুলিশের ইন্ধন রয়েছে বলে অভিযোগ তুলেন গ্রামবাসী। তাদের অভিযোগ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর সাথে সখ্যতা রয়েছে রেজাউলের। তার মাধ্যমে পুলিশ ওইসব মাদক স্পট থেকে মাসোহারা আদায় করে থাকে। গ্রামবাসীর মতে শুধু মাদক স্পটের মাসোহারা আদায় নয়। লম্পট এই রেজাউল এলাকায় দেহ ব্যবসায় সাথেও জড়িত। এ কাজে তার রয়েছে একটি সিন্ডিকেট। এর মাধ্যমে রেজাউল রাতের বেলায় ভাড়া করা পতিতা এলাকায় এনে বিভিন্ন স্পটে সরবরাহ করে দালালী অর্থ আদায় করে । আর এই অর্থের এক অংশ চলে যায় তাকে ইন্ধনকারী ওইসব পুলিশ কর্মকর্তার হাতে।
এলাকাবাসীর মতে, লম্পট এই রেজাউলের খুটির এতই জোর তিনি মাঝে মাঝে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দের পুলিশ ব্যারাকেও রাত্রি যাপন করে থাকেন। এলাকাবাসীর এমন দাবীকে স্বীকার করে রেজাউল বলেন, পুলিশের সাথে মিশতে আমার ভাল লাগে। তাই তদন্ত কেন্দ্রে মাঝে মধ্যে বেড়াতে যাই।
বর্তমানে আত্মগোপনে থাকা প্রতারক এই রেজাউল এই প্রতিবেদকের নিজেকে নরদাশ ডিগ্রি কলেজের ছাত্র পরিচয় দিলেও ওই কলেজের অধ্যক্ষ এবং ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল বলেন, সে কখনই আমার কলেজের ছাত্র ছিল না। এখনও নেই। সে এলাকায় একের পর এক অপকর্ম ঘটিয়ে চলেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি সাহেবকেও বলেছি। কীভাবে সে পুলিশের মোটরসাইকেল ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি করে বেড়ায়।
এদিকে গ্রামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকসহ গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তিরা জানান, প্রায় বছর খানেক আগে রেজাউল নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারনা করে আসছিল। সে সময় রেজাউল ভুয়া নিয়োগপত্র ও বিভিন্ন সীল প্যাড ও আর্মির পোশাক সহ সেনাবাহিনীর হাতে আটকও হয়েছিল। পরে জামিনে বেরিয়ে এসে সে আবারও প্রতারনার জাল বিস্তার করে চলেছে। এসব বিষয়ে জানতে চাইলে রেজাউল অভিযোগ অস্বীকার করে বলেন, জমি সংক্রান্ত একটি বিরোধের জের ধরে তার আপন নানা ও মামাসহ গ্রামের একটি মহল তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করেছে।
তবে পুলিশের স্টিকার লাগানো মোটরসাইকেল ও হ্যান্ডকাপ নিয়ে ঘুরে বেড়ানোর বিষয়ে রেজাউল কোন সদুত্তর দিতে পারেনি। অভিযোগ বিষয়ে জানতে চাইলে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বলেন, আমি আসার আগে সে এই তদন্ত কেন্দ্রে আসা যাওয়া করত বলে শুনেছি। তবে এখন তাকে আর আগের মত আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়না।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ইউএনও’র কাছে দায়ের করা লিখিত অভিযোগের কপি পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও ফারুক সুফিয়ান জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য থানায় পাঠানো হবে এবং উপজেলা থেকেও বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
