রাবিতে আবারও মর্টারশেল উদ্ধার
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদ এলাকায় আবারও একটি মর্টারশেল পাওয়া গেছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ বোমা উদ্ধার করা হয়। প্রতক্ষ্যদর্শী মারুফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পুকুরে হাত-মুখ ধুতে নামলে আমার পায়ের নিচে ইটের মত কিছু একটা বাধে বলে উপলব্ধি করি। পরে উঠিয়ে দেখি মর্টারশেল। এর আগেও গণকবরে এমন মর্টারশেল দেখেছি। তাই সহজেই চিনতে পারি। পরে এটা কৃষি অনুষদের পাশে ফ্লাইওভারের কাছে থাকা পুলিশ বক্সে জমা দিই। পরে পরিত্যক্ত মর্টার সেলটি দুপুর দেড় টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে পুলিশের বিশেষ টিম এসে নিষ্কীয় করে।
এদিকে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, মর্টারশেল পাওয়া গেছে খবর শোনার পরই আমি সহকারী প্রক্টরদের ঘটনাস্থলে পাঠায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে পুলিশের বিশেষ টিম এসে বোমাটি নিষ্ক্রীয় করেছে। তবে এধরণের মর্টারশেল আরও আছে কিনা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের চিহ্নিত কিছু জায়গায় অনুসন্ধান চালিয়ে এসব বোমা উদ্ধারের উদ্যোগ নেয়া হবে। যাতে ভবিষ্যতে কোন বড় ধরনের দূর্ঘটনা না ঘটে। উল্লেখ্য, এর আগেও শহীদ ড. শামসুজ্জোহা জোহা হলের পাশের পুকুর খনন করতে গিয়ে অবিস্ফোরিত মর্টারশেল ও রকেট লাঞ্চার পাওয়া গিয়েছিল।
