১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

স্কুল-কলেজে রোজার ছুটি বাড়লো প্রাথমিকে আগের আদেশ বহাল

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২, ৪:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
স্কুল-কলেজে রোজার ছুটি বাড়লো প্রাথমিকে আগের আদেশ বহাল
বিজ্ঞাপন

এফএনএস : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকপর্যায়ের সব স্কুল-কলেজের রমজানের ছুটি বাড়ানো হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে এসব প্রতিষ্ঠানের ঈদুল ফিতরের ছুটি কার্যকর করা হবে। তার সঙ্গে রমজান মাসে শুক্র ও শনিবার সপ্তাহে দুদিন ছুটি কার্যকর করা হবে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে আগামী ২০ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস খোলা থাকবে। এরপর থেকে মাহে রমজান ও ঈদুল ফিতরের ছুটি কার্যকর হবে।

এর আগে ২৬ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে নির্দেশনা জারি করেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তার পরিপ্রেক্ষিতে দেশের সবে মাধ্যমিক স্কুল ও কলেজে ক্লাস নেওয়া হচ্ছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এক সভায় সেটি পরিবর্তন করে ক্লাস কমিয়ে রোজা ও ঈদের ছুটি বাড়ানো হয়েছে। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানো হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম। তিনি গতকাল সোমবার বলেন, গত দুই বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিশু পিছিয়ে পড়েছে।

তাদের শিখন ঘাটতি মেটাতে রমজানে ক্লাস করানো হচ্ছে। যে যাই বলুক, আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে। তিনি বলেন, বড় ধরনের মহামারি ছাড়া আমরা আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে চাই না। গুটিকয়েক মানুষের দাবির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না। এতে কারও কোনো সমস্যা হলো সেটি আমাদের দেখার বিষয় নয়। ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত নিয়মিত ক্লাস চালিয়ে যেতে অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোয় দিনাজপুর ও মানিকগঞ্জে তিন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবদুল লতিফ গত ২৯ মার্চ এক ফেসবুক পোস্টে লেখেন, হাজার স্যালুট মাননীয় প্রধানমন্ত্রী। অবশেষে প্রথম রোজা থেকেই দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যদিকে মানিকগঞ্জ সদরের বান্দুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পা রানী সরকার এক ফেসবুক পোস্টে লেখেন, অবশেষে প্রথম রোজা থেকেই সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ছুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে একজন প্রধান শিক্ষককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এদিকে প্রাথমিক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনায় বলেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে নিয়ন্ত্রণাধীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

গুজব ছড়ানো বন্ধে ব্যর্থ হলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পবিত্র রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে ‘প্রধানমন্ত্রীর নামে মিথ্যা বক্তব্য’ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টির কারণে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক শিক্ষকদের গুজব ছড়ানো বন্ধ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি বলেন, আমরা যদি অধিদপ্তর থেকে শিক্ষকদের মনিটরিং করতে পারি তাহলে মাঠ পর্যায়ে কর্মকর্তারা শিক্ষকদের মনিটরিং করতে পারবেন না কেন? যদি কেউ ব্যর্থ হন তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

আমরা মিটিং করে কর্মকর্তাদের জানিয়ে দিয়েছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, কোডিড-১৯ পরিস্থিতিতে দীর্ঘদিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকার কারণে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোয় শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ২৪ মার্চ এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন