১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় মায়ের আত্মহত্যার ঘটনায় ছেলে ও তার স্ত্রীসহ তিন জন গ্রেপ্তার

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২, ২:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাগমারায় মায়ের আত্মহত্যার ঘটনায় ছেলে ও তার স্ত্রীসহ তিন জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : গত ৩১ মার্চ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাহিদা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধা। ঘরে মায়ের লাশ রেখে স্বাভাবিক চলাফেরা ও আচরণ করছিলেন বড় ছেলে হামিদুল ইসলাম ও তাঁর স্ত্রী আকলিমা খাতুন। এদিকে ওই বৃদ্ধার ছোট ছেলে বাড়িতে এসে মাকে ডাকাডাকি করলেও কোন সাড়া পাননি। মাকে দেখতে না পেয়ে সন্দেহ হয় তার। এক পর্যায়ে ঘরের ভেতরে গেলে মায়ের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

সেই সাথে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এমন হৃদয় বিদায়ক ঘটনাটি ঘটে রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া গ্রামে। ওই ঘটনায় নিহত শাহিদা বেওয়ার ভাইয়ের ছেলে ইকবাল বাদী হয়ে হামিদুল ও তার স্ত্রী আকলিমা খাতুনের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার একটি মামলা দায়ের করে। মায়ের মৃত্যুর সেই ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ছেলে হামিদুল ইসলাম ও তাঁর স্ত্রী আকলিমা খাতুন পলাতক ছিল।

গত রোববার যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা রাজবাড়ির সামনের হামিদুল ইসলাম ও তাঁর স্ত্রী আকলিমা খাতুন ঘুরাফেরা করছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৫ এর একটি টহল দল তাদেরকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে বাগমারা থানার পুলিশের নিকট হস্তান্তর করে। সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যোগীপাড়া গ্রামের শাহিদা বেওয়া (৭০) স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলেদের সঙ্গে থাকতেন। স্বামীর জমি বড় ছেলে হামিদুল ইসলাম ভোগদখল করে আসছেন। কিছুদিন ধরে হামিদুল ও তাঁর স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয় শাহিদার। তাঁরা খাবার দেওয়াও বন্ধ করে দেন মাকে। শাহিদা অন্য স্বজনদের সহযোগিতায় কোনো রকমে দিনযাপন করছিলেন।

৩০ মার্চ রাতে হামিদুল ও তাঁর স্ত্রীর সঙ্গে শাহিদার ঝগড়া হয়। পরে পাশাপাশি ঘরে ঘুমিয়ে পড়েন শাহিদা। সকালে হামিদুল ও তাঁর স্ত্রী আকলিমা ঘুম থেকে উঠে বাড়িতে স্বাভাবিক কাজ করছিলেন। দুপুর পর্যন্ত শাহিদাকে বাড়িতে দেখতে না পেয়ে ছোট ছেলে বিরল হোসেনের সন্দেহ হয়। মায়ের বিষয়ে হামিদুলকে জিজ্ঞাসা করলে তিনি অসংলগ্ন কথা বলেন। পরে মায়ের ঘরের ভেতরে ঢুকে তাঁর লাশ দেখতে পান বিরল। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মাকে রড দিয়ে পিটিয়ে, শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে দাবী ছোট ছেলের। পরে লাশ ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল।

অপরদিকে যোগীপাড়া ইউনিয়নের বীরকৎসা গ্রামের মোসলেম আলীর ছেলে মোনাক্কা মাসুদ নামের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল্। রোববার অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, নিহতের ভাতিজার দায়েরকৃত মামলায় ছেলে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। সেই সাথে মাদক মামলায় পরোয়ানাভুক্ত এক আসামীকে জেল হাজাতে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন