‘টিপ পরায়’ শিক্ষিকাকে উত্ত্যক্তকারী ব্যক্তি পুলিশ!
এফএনএস : রাজধানীর ফার্মগেট এলাকায় ‘টিপ পরা’ নিয়ে উত্ত্যক্তের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেছেন এক কলেজ শিক্ষিকা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। পুলিশ বলছে, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তে কাজ চলছে। গত শনিবার রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্তের শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার। তিনি অভিযোগ করেন, ‘হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন- ‘টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেন তাকে।
ওই মধ্যবয়সী ব্যক্তির গায়ে পুলিশের পোশাক। ঘটনার প্রতিবাদ জানালে একপর্যায়ে তার পায়ের ওপর দিয়েই বাইক চালিয়ে চলে যান সেই ব্যক্তি।’ পরবর্তীতে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। গতকাল রোববার শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়াবলেন, ‘সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হবে। তবে এখন পর্যন্ত সেই ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।’ ভুক্তভোগী তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ড. লতা সমদ্দারবলেন, এখন পর্যন্ত পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। আমার সঙ্গে যা ঘটেছে, আমি প্রতিবাদ করেছি।
এখন আইনশৃঙ্খলা বাহিনীর খুঁজে বের করা উচিত, যে ব্যক্তি পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় ছিল, তিনি কে। আমি আশা করি, এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেবে পুলিশ।’ এদিকে লতা সমদ্দারের দেওয়া তথ্যে অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর দিয়ে খোঁজ করে বিআরটিএর ওয়েবসাইটে দুটি মোটরসাইকেলের তথ্য পাওয়া যাচ্ছে; একটি ঢাকা মেট্রো হ ১৩-৩৯৭০ ও অপরটি ঢাকা মেট্রো ল ১৩-৩৯৭০। তবে এরমধ্যে ঢাকা মেট্রো ল ১৩-৩৯৭০ মোটরসাইকেলটি বাজাজ ডিসকভার ১৩৫ সিসি। মালিকের নাম ইয়াবর আলী।
২০১৬ সালের গুলশান এলাকা থেকে গাড়িটি চুরি হয় এখন পর্যন্ত কোনো হদিস মেলেনি। থানায় এসে তিনি জিডির কপিও দেখিয়েছেন। এছাড়া, ঢাকা মেট্রো হ ১৩-৩৯৭০ নাম্বারের গাড়ির মালিকের নাম আরশাদ আলম। মিরপুর ১২ নম্বরে থাকতেন। সেই ঠিকানায় যোগাযোগ করে জানা গেছে, তিনি বাসা পরিবর্তন করেছেন। কিন্তু বাড়িওয়ালা তার আর কোনও তথ্য রাখেননি। তবে বাড়িওয়ালা নিশ্চিত করেছেন, আরশাদ চাকরিজীবী, তবে কোনও পুলিশ সদস্য নন।
কপালে টিপ পরায় এক শিক্ষককে বাজে গালি দেওয়ার পর তার গায়ে মোটরসাইকেলের চাকা তুলে হেনস্তার অভিযোগ ওঠা পুলিশ সদস্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সংসদে। গতকাল রোববার সংসদে অনির্ধারিত আলোচনায় সরকারি দলের সংরক্ষিত আসনের সুবর্ণা মুস্তাফা এ দাবি তোলেন। সংসদে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘দল-মত নির্বিশেষে বিশেষ করে নারী সমাজের জন্য অত্যন্ত ঘৃণিত একটি ঘটনা। ইভটিজিং আমরা শুনে এসেছি। বখাটে ছেলেরা স্কুলের বাচ্চাবাচ্চা মেয়েদের ইভ টিজ করে। সেই পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রিত। কিন্তু আমি যখন দেশের আইনরক্ষাকারী কাউকে ইভটিজিংয়ের ভূমিকায় দেখি, তখন সেটা আমাদের সবার জন্য অত্যন্ত লজ্জাজনক।’ তিনি প্রশ্ন তুলে বলেন, বাংলাদেশের কোন সংবিধানে, কোন আইনে লেখা আছে যে একজন নারী টিপ পরতে পারবে না।
এখানে হিন্দু-মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এমনকি সে বিবাহিত না বিধবা সেটা বিষয় নয়…একটি মেয়ে টিপ পরেছে। তিনি একজন শিক্ষক। রিকশা থেকে নামার পর দায়িত্বরত পুলিশ অফিসার তাকে টিজ করেছে।’ ওই শিক্ষক এর প্রতিবাদ জানালে তার সঙ্গে তুই তোকারি করা হয়েছে উল্লেখ করে সুবর্ণা বলেন, ‘তাকে অসম্মান করা হয়েছে। আমি সরকারি দলকে রিপ্রেজেন্ট করি, নাকি বিরোধী দলকে রিপ্রেজেন্ট করি- বিষয়টা এগুলোর ঊর্ধ্বে। প্রধানমন্ত্রী সবসময় বলেন, মানুষ আগে। মানুষের অধিকার আগে। জাতির পিতা বলেছেন, মানুষকে ভালোবাসতে হবে। মানুষের অধিকার আগে।’ সংরক্ষিত এই নারী আসনের সদস্য বলেন, ‘যে মন্ত্রণালয় এই বিষয়টি দেখা-শোনা করে তারা যেন দ্রুত পদক্ষেপ নেয়, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।’
