পুকুর খননে ধ্বংস হচ্ছে বনজ-কৃষিসম্পদ
শাহানুর রহমান রানা : রাজশাহী জেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, পেশিশক্তি প্রয়োগ করে বিভিন্ন পন্থায় প্রশাসনের সাথে আঁতাত করে দেদারসে চলছে বনজ ও কৃষিসম্পদ ধ্বংসের কর্মকান্ড। এই অমূল্য সম্পদ ধ্বংসের মূল্য উদ্দেশ্য হচ্ছে উক্তস্থানে পুকুর খনন করে মাছ চাষ করার পাশাপাশি বিভিন্ন ইট ভাটাতে উচ্চমূল্যে মাটি বিক্রির পায়তারা। অন্যদিকে, কয়লা, মাটি ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়াতে ইটের দামেও পড়েছে এর প্রত্যক্ষ প্রভাব।
বিভিন্ন এলাকার ভাটার মালিকরা জানান, এক টন আমদানিকৃত কয়লার বর্তমান বাজারমূল্য ২০ থেকে ২২ হাজার টাকা। মাত্র দু’মাস পূর্বেই আমদানিকৃত কয়লার দাম ছিল টন প্রতি সর্বোচ্চ ১২ থেকে ১৪ হাজার টাকা। অন্যদিকে, দেশিয় কয়লার দামেও পড়েছে প্রভাব। গেল মাসে দেশি কয়লার সর্বোচ্চ স্থানীয় বাজার মূল্য ছিল টন প্রতি ৯ হাজার টাকা। কিন্তু চলতি মার্চ মাস থেকে সেটির মূল্য বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ১৬ হাজার টাকায়।
দেশে আমদানিকৃত কয়লাগুলোর মধ্যে ইন্দোনেশিয়ার কয়লার বাজার মূল্য সবচেয়ে বেশি বলে জানান ইট ভাটার মালিকেরা। এ.এস.এস ব্রিক এর ম্যানেজার শরিফুল ইসলাম ও মেসার্স মোদিনা ব্রিক এর স্বত্তাধিকার হান্নান আলী জানান, ইন্দোনেশিয়া ছাড়াও সিঙ্গাপুর থেকেও আমদানি করা হয় কয়লা। এছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও আসে কয়লার চালান। বিভিন্ন দেশ থেকে কয়লা আমদানি করে বসুন্ধরা গ্রুপ ও আকিজ গ্রুপ। তারা অভিযোগ করে বলেন, দিনাজপুরের বড়পুকুরিয়া এলাকায় যে বিটুমিনাস কয়লা উৎপাদন করা হয় সেগুলোর ছিটেফোঁটাও রাজশাহীতে আসেনা।
সেগুলোর অধিকাংশই সরবরাহ হয়ে থাকে পার্শ্ববর্তী জেলা নাটোরে। যার কারনে রাজশাহী থেকে নাটোরের ইট প্রস্তুতকারকরা কিছুটা কমমূল্যে ব্রিক বিক্রয় করতে পারে। বর্তমানে রাজশাহীতে ইটের খুচরা বিক্রয়মূল্য হাজারে প্রায় ৯ থেকে সাড়ে নয় হাজার টাকা। ইটের মূল্য বৃদ্ধির আরো একটি কারণ হলো মাটির স্বল্পতা ও দাম বেড়ে যাওয়া বলে জানান ভাটা মালিকেরা। গেল মাসেও প্রতি এক হাজার স্কয়ার ফিট মাটির বাজারমূল্য ছিল সর্বোচ্চ ৭ হাজার টাকা। কিন্তু বর্তমানে দাম বৃদ্ধি হয়ে দাড়িয়েছে দশ হাজার টাকায়। অর্থ্যাৎ, প্রতি হাজার স্কয়ার ফিটে দাম বৃদ্ধি পেয়েছে তিন হাজার টাকা।
পূর্বে পর্যাপ্ত মাটির সরবরাহ থাকলেও এখন সেই সরবরাহ গিয়ে দাড়িয়েছে অর্ধেকে। যার কারনে মাটির দামও এখন উর্দ্ধমুখি। কিন্তু রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় যেভাবে পুকুর খনন করে মাটি উত্তোলন করা হচ্ছে সেনুযায়ী তো মাটির দাম হ্রাস পাবার কথা, জানতে চাইলে ইট ভাটার মালিকেরা এর কোন উত্তর দিতে পারেনি। উল্লেখ্য, ১৯৮৫ সালে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর দিনাজপুরে কয়লা আবিষ্কার করা হলেও ২০০৫ সালের সেপ্টেম্বর মাস থেকে বড়পুুকুরিয়া কয়লাখনির অভ্যন্তর থেকে বাণিজ্যিকভাবে কয়লা উৎপাদন শুরু হয়।
এই কয়লাখনিতে মোট কয়লার মজুত প্রায় ৩০ কোটি টন। বিদেশ থেকে আমদানি করা কয়লাগুলো স্থানীয় ব্রিক ব্যবসায়িরা সংগ্রহ করে বাঘাবাড়ি ও হালুয়াঘাট থেকে। কয়লার মূল্য যেমন বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনি ভাবে বৃদ্ধি পেয়েছে পরিবহন খরচও। গেল মাস পর্যন্ত প্রতিটন কয়লার পরিবহন খরচ ছিল টন প্রতি ৬০০ টাকা। সেটি এখন বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ৯০০ টাকায়।
কয়লার দাম বৃদ্ধি পাওয়াতে স্থানীয় ব্রিক উৎপাদনকারিরা প্রশাসনের চোঁখকে ফাঁকি দিয়ে চুল্লিতে দেদাড়ছে ব্যবহার করছে কাঠ ও খড়ি। যার কারণে দিন দিন হ্রাস পাচ্ছে দেশের বনজ সম্পদও। এমন এক দৃশ্যের দেখা মেলে কাটাখালি পৌর এলাকার তারাপুর গ্রামে। এছাড়াও গেল মাসেও বৃক্ষ বাগান থেকে বড় বড় গাছ নিধন করা হয় নগরীর হাজরা পুকুর এলাকার পাবনা পাড়াতেও। কাটাখালির তারাপুর গ্রামে প্রায় চার বিঘা জমি জুড়ে থাকা বড় বড় আম ও মেহগনির প্রায় ৪০টি গাছ কর্তন করেন এক ঠিকাদার। সেগুলো পরবর্তীতে বিক্রি করা হয় বিভিন্ন ইট ভাটার মালিকের কাছে বলে জানায় ঐ গ্রামের বেশ কয়েকজন। ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন আইন ২০২১’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
খসড়া আইন অনুযায়ী, যারা সাধারণ বাগান করবে বা স্থায়ী যে গাছ লাগাবে, সেগুলোও তারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাটতে পারবে না। গত ০৭/০২/২০২২ ইং তারিখে মন্ত্রিসভার এক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। নতুন এই খসড়া আইনের বলয় থেকে রক্ষার অসৎ উদ্দেশ্যে রাজশাহীর বিভিন্ন এলাকায় তড়িঘড়ি করে চলছে বিক্ষ নিধন। নতুন এই আইনের খসড়ানুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কেউ নিজের বাড়ির গাছও কর্তন করতে পারবেন বলে উল্লেখ আছে। বনজসম্পদ রক্ষার্থে সরকারের নতুন এই সিদ্ধান্তকে অধিকাংশ ব্যক্তিই সাধুবাদ জানালেও এর বিপক্ষেও আছেন অসাধু ব্যবসায়িরা।
রাজশাহীর অনেক স্থানেই চলছে বৃক্ষ ধ্বংসের অবৈধ কর্মকান্ড। পুঠিয়ার তারাপুর গ্রামে চার থেকে পাঁচ বিঘার একটি ফসল বৃক্ষের বাগান ধ্বংস করে সেখানে পুকুর খনন করার সিদ্ধান্ত নিয়েছেন বাগান মালিক। তিনি ঐ এলাকার বিশিষ্ট একজন মাছ ব্যবসায়ি হওয়াতে ফলের বাগানের চাইতে পুকুর ও মাছ ব্যবসাকেই দিচ্ছেন প্রাধান্য। এছাড়াও রাজশাহী অঞ্চলের মোহনপুর, দূর্গাপুর, কাটাখালি, পুঠিয়া, পবা এলাকাসহ আরো বেশ কিছু এলাকায় ফসলি জমি ধ্বংস করে দেদাড়ছে চলছে পুকুর খনন। স্থানীয় প্রশাসনকে যে কোন উপায়ে ম্যানেজ করে সকলের চোঁখের সামনেই চলছে বৃক্ষ ও ফসলি জমি ধ্বংসের পায়তারা।
