আরবের সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জে রোজা শুরু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : সৌদি আরবের সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন গ্রামে ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। গত শুক্রবার (০১ এপ্রিল) তাঁরা তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেন। শনিবার ভোর রাতে সেহরি খেয়ে পবিত্র রোজা পালন শুরু করেছেন আহলে হাদিসের একাংশ।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মােমিনটোলা ও চরবাগানপাড়া, শিবগঞ্জ উপজেলার বিনােদপুর ইউনিয়নের খাসেরহাট, রাধানঘর ও ৭৬ দিঘি এবং গোমস্তাপুর উপজেলার কয়েকটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রেখেছেন। জানা যায়, দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র রমজান এবং ইদুল আযহা ও ইদুল ফিতর পালন করেন।
আহলে হাদিসের এই মতের অনুসারী রাফেজ আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে আমরা রোজা ও ইদের নামাজ আদায় করি সৌদি আরবের সাথে মিল রেখে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (০১ এপ্রিল) রাত থেকে তারাবিহ নামাজ আদায় করেছি। সদর উপজেলার দেবিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, দেবিনগরের মােমিনটোলা ও চরবাগানপাড়াসহ কয়েকটি পাড়ায় কিছু মানুষ প্রতিবছরই সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখে। এবছরও তারা গতকাল শুক্রবার কয়েক জায়গায় তারাবির নামাজ আদায় করেছে৷
বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হক বলেন, মূলত আহলে হাদিসের কিছু মানুষ দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সাথে মিল রেখে ইদের নামাজ ও রোজা রাখে। বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবছর রোজা রেখেছে। তবে গ্রামের সবাই করেছে বিষয়টি এমন নয়।
ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মাহমুদার রহমান মুঠোফোন জানান, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে দেশের অনেক জায়গাতেই রোজা ও ইদের নামাজ আদায় করেন কিছু মানুষ। তবে এবছর কোথায় কোথায় মিল রেখে শনিবার (০২ এপ্রিল) রোজা রেখেছে, তার সুনির্দিষ্ট কোন তথ্য নেই। পলশা উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. আস্তারুল বিন আব্দুস সামাদ বলেন, বিষয়টি মুসলমান সম্প্রদায়ের জন্য লজ্জাজনক।
এ ঘটনায় প্রমাণ করে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্যতা নেই। এটি শুধুমাত্র ইসলামিক নেতাদের হার না মানার মানসিকতায় দায়ী। কারন তাদের অনেকেই চাই না, নিজেদেরকে ভুল স্বীকার করে অন্যেরটা মানতে। তাতে দীর্ঘদিনের প্রচলিত নিয়মের ব্যাঘাত ঘটবে এবং অনুসারীদের মধ্যে সমালোচনা হবে। বিষয়টি নিয়ে রাষ্ট্রীয়ভাবে সমাধান করা জরুরি।
