গোদাগাড়ীতে দুই কৃষকের আত্মহত্যা সরেজমিনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি
স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামে সেচের পানিতে পানি না পেয়ে দুই আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডির আত্মহত্যা ঘটনায় ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে কৃষি মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। গতকাল মঙ্গলবার সকাল ১০টা হতে দুপুর দেড়টা পর্যন্ত তদন্ত তদন্ত কার্যক্রম চলে বলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম তা নিশ্চিত করেছেন। গত ২৭ মার্চ কৃষি মন্ত্রণালয় উপকরণ-১ অধিশাখা সিনিয়র সহকারী সচিব তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত তদন্ত কমিটির আহ্বায়ক কৃষি মন্ত্রণালয়ের যুগ্নসচিব (সার ব্যবস্থাপনা ও মনিটরিং) মো. আবু জুবাইর হোসেন বাবলুর নেতৃত্বে তদন্তে ঘটনাস্থল পরিদর্শন ও নিহত দুই কৃষক পরিবার,
এলাকার কৃষক ও জনসাধারণের সাথে কথা বলেন রাজশাহী জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, নাটোর বিএডিসি নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) মো. সাজ্জাদ হোসেন এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষর (বিএমডিএ) নির্বাহী প্রকৌশলী মো. সমশের আলী। এছাড়াও গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলম ও বিএমডিএর কর্মকর্তার উপস্থিত ছিলেন।
নিহত কৃষক অভিনাথের চাচাতো ভাই বাপ্পি মার্ডি জানান, কৃষি মন্ত্রণালয়ের যুগ্নসচিব আমার সাথে সেদিনের ঘটনার বিষয়ে জানতে চেয়েছে। আমি সেদিন ডিপের পশ্চিম পাশ্ব দিয়ে আসছিলাম।
পথিমধ্যে ডিপের ড্রাইভার শাখাওয়াত আমাকে দেখে গাড়ী থামাতে বলে একে (অভিনাথকে) নিয়ে যা। বিষ খাইছে নাকি। আমার খুব তাড়া থাকায় নিতে চাইনি। যেহেতু জমির আলু গাড়ীতে নেওয়ার তাড়া ছিলো আমার। ড্রাইভার শাখাওয়াত আরো বলে আরে না না নিয়ে চলো। তখন আমি অভিনাথ কে জিজ্ঞেস করি কি হয়েছে তোর। তখন অভিনাথ বলে আমি বিষ খাইছি শাখাওয়া। কি কারনে বিষ খাইছি জানতে চাইলে বলে মনের দু:খে বিষ খাইছি। তদন্ত কমিটি অভিনাতের স্ত্রী রোজিনা হেমব্রনের সাথে কথা বলতে গেলে শোকে কাতর থাকায় তদন্ত কমিটির সাথে কথা বলতে পারেনি। তবে নিহত অভিনাথের ভাবি পারবর্তি সরেনের সাথে কথা বললে সে জানান, গত ২৩ মার্চ (বুধবার) অভিনাথ বিষ খাইছে বলে আমরা জানতে পারি।
পরে সে মারা যায়। ডিপের ড্রাইভার শাখাওয়াত ১২-১৪ দিন তাকে পানির জন্য ঘুরিয়েছে বলে আমরা জানতে পেরেছি। জমির পানি না পেয়ে সে বিষ পান করেছে। এছাড়াও তদন্ত কমিটি স্থানীয় কৃষক মহেশ্বর মুরমুর সাথে কথা বলেছেন। কৃষক মহেশ্বর মুরমু তদন্ত কমিটির কাছে জানান, তেলের মাথায় তেল ঢালে। আমরা পানি জন্য ঘুরে সিরিয়াল মতো জমিতে পানি পাই না। তবে কেউ ড্রাইভার শাখাওয়াতকে ফোন করে পানির কথা বললে তার জমিতে আগে পানি দেওয়া হয়ে যায়। এই মৌসুমেই আমারও জমির পানি শুকিয়ে গেলে ফাঁটল দেখা দিয়েছিলো বলে জানান।
তদন্ত কমিটির আহ্বায়ক কৃষি মন্ত্রণালয়ের যুগ্নসচিব (সার ব্যবস্থাপনা ও মনিটরিং) মো. আবু জুবাইর হোসেন বাবলুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার তদন্তে এখনো মন্তব্য করার সময় হয়নি। বক্তব্য আমরা নিয়েছি, আরো শুনবো লিখবো। আমরা নিহতের বাসা গিয়েছি, ডিপ টিউবওয়েলের কাছে গিয়ে অন্যান্য কৃষকের সাথে কথা বলেছি বলে জানান। উল্লেখ্য গত ২৩ মার্চ গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামের দুই সাওতাল কৃষক অভিনাথ ও রবি তাদের ধানের জমিতে বিএমডিএর গভীর নলকূপের পানি না পেয়ে কীটনাশক পান করেন।
ওইদিনই অভিনাথ মারা যান। আর গত ২৫ মার্চ রাতে অভিনাথ মারান্ডির চাচাতো ভাই রবি মারান্ডিও রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বিএমডিএ’র অপারেটর সাখাওয়াত হোসেনকে আসামি করে।
