১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

খরতাপে পুড়ছে রাজশাহী হিটস্ট্রোকে মারা যাচ্ছে মুরগি

প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ৭:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
খরতাপে পুড়ছে রাজশাহী হিটস্ট্রোকে মারা যাচ্ছে মুরগি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : চৈত্রের খরতাপে তেঁতে উঠেছে রাজশাহীর পথঘাট। বাইরে বের হলে চোখ-মুখ যেন পুড়ে যাচ্ছে। মাটি ফেটে চৌচির হয়ে গেছে এরইমধ্যে। দুর্বিষহ গরম-খরা-অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে খেতের বোরো ধানসহ সবজির খেত। তীর্যক সূর্যদহনে যেন আগুন ঝরছে পদ্মাপাড়ের সবুজ রাজশাহী। বাতাসেও ছড়াচ্ছে তাপ। ওষ্ঠাগত গরমে হাঁসফাঁস করতে শুরু করেছে এখন রাজশাহীর মানুষ। মৌসুমের প্রথম তাপদাহেই হাঁপিয়ে উঠেছে প্রাণিকূল। এরইমধ্যে লু-হাওয়া বইছে এখানে। প্রতিনিয়তই বাড়ছে তাপমাত্রা। মধ্য চৈত্রের অস্বস্তিকর এই খরায় শহর ও গ্রামের দিনমজুর, শ্রমিক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের প্রাণবায়ু যেন যায় যায় অবস্থা। আর এই দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন রোগও ছড়িয়ে পড়ছে মানবদেহে।

ডায়রিয়া, জন্ডিস, উচ্চরক্তচাপসহ অন্যান্য রোগের প্রকোপ যেমন বাড়ছে, তেমনি হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে কেউ কেউ। এ পরিস্থিতিতে ঘরে বাইরে কোথাও নেই স্বস্তি। কংক্রিটের ছাদ হোক বা টিনের চালা ওপর থেকে যেন আগুনই নামছে! গরমে স্বাভাবিক জীবনযাত্রা নাকাল হয়ে পড়েছে। একদিকে তাপদাহ আরেক দিকে গরম বাতাস। দুপুরের পর প্রধান প্রধান সড়কগুলো এমনিতেই জনশূন্য হয়ে পড়ছে। যত দিন গড়াচ্ছে তাপমাত্রা ততই বাড়ছে। এক পশলা বৃষ্টির জন্য সবাই যেন চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে রয়েছে।

আবহাওয়াবীদরা জানান, রাজশাহীতে এমন পরিস্থিতি সাধারণত বৈশাখে দেখা যায়। কিন্তু এবার চৈত্রের শুরু থেকেই তেঁতে উঠেছে প্রকৃতি। এ সময় সাধারণত ঝড়-ঝঞ্ঝা লেগেই থাকে। কিন্তু রাজশাহী অঞ্চলে এবার বৃষ্টির দেখা নেই। প্রকৃতি রুদ্রমূর্তি ধারণ করেছে। খরতাপে বিবর্ণ হয়ে উঠেছে রাজশাহী। বৃষ্টি না হওয়ায় কৃষকের বেরো ধানে সেচ খরচ বাড়ছে। শুকিয়ে যাচ্ছে আম-লিচুর মুকুল। রাজশাহী আবহাওয়া দফতর জানিয়েছে, রাজশাহীর ওপর দিয়ে গত প্রায় এক সপ্তাহ থেকে মৃদু তাপপ্রবাহ চলছিল। কিন্তু গত শনিবার থেকে তা মাঝারি তাপপ্রবাহে রূপ নিয়েছে। রাজশাহীতে রোববার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহীর আবহাওয়া অফিসের এক পরিসংখ্যানে দেখা যায়, গত ১৬ মার্চ থেকে রাজশাহীতে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ওই দিন রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এরপর গত ১৯ মার্চ রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর তাপমাত্রা সামান্য কমলেও তা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ওঠানামা করছিল।
রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাজিব খান বলেন, রোববার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে ৩৮ ডিগ্রী সেলসিয়াস। এর আগে শনিবার বেলা তিনটায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

বিএআরআই উদ্যানতত্ত্ব ফল বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শরফ উদ্দিন বলেন, বিরাজমান আবহাওয়া আম বা লিচুর জন্য ক্ষতিকর নয়। মার্চ মাসে এ ধরণের তাপমাত্রা ও আর্দ্রতা থাকে। তিনি বলেন এ ক্ষেত্রে আমের গুটিতে স্প্রে করতে হবে। রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ইমিডাক্লোপ্রিড/কার্বারিল গ্রুপের কীটনাশক এবং কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক একত্রে মিশিয়ে নির্দেশিত মাত্রায় স্প্রে করতে হবে। আমের গুটি ঝরা কমানোর জন্য ২% ইউরিয়া অর্থাৎ প্রতি লিটার পানিতে ২০ গ্রাম হারে স্প্রে করতে হবে। কম তাপমাত্রায় অর্থাৎ সকাল বেলায় স্প্রে করা উত্তম। তিনি বলেন, আম ও লিচু বাগানে সেচ প্রদানে কোন বাধা নেই এবং ১২-১৫ দিন অন্তর অন্তর সেচ প্রদান করতে পারলে ভালোমানের ফলন নিশ্চিত হবে।

চারঘাট প্রতিনিধি প্রতিনিধি জানান, চলছে বসন্তে গ্রীষ্মের খরতাপ। বৃষ্টির দেখা নেই সপ্তাহ জুড়েই চলছে দাবদাহ। এতে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে চারঘাটে পোলট্রি খামারের মুরগি মারা যাচ্ছে। প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় মাত্রাতিরিক্ত গরমে খামারের হাজার হাজার মুরগি মারা যাচ্ছে বলে জানিয়েছেন পোলট্রি খামারিরা। উপজেলার প্রাণীসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫৭০টি মুরগি খামার রয়েছে। এর মধ্যে ব্রয়লার খামার রয়েছে প্রায় ৩৫০টি। ব্রয়লার খামারের ওপর নির্ভরশীল অনেক খামারি বর্তমানে গরমের কারণে প্রতিদিনই খামারের মুরগি মারা যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন। প্রচণ্ড গরমের সঙ্গে বিদ্যুতের লুকোচুরি খেলা। বিকল্প জেনারেটর না থাকাসহ খামারে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে না পারাও হিটস্ট্রোকের কারণ।

প্রাণীসম্পদ কর্মকর্তারা বলছেন, হিটস্ট্রোক কোনো রোগ না, এটা সচেতনতার অভাব। গরমের হাত থেকে যদি মুরগিকে রক্ষা করা যায় তাহলেই হয়তো হিটস্ট্রোক থেকে মুরগি মারা যাওয়া থেকে কিছুটা বাঁচা যাবে। উপজেলার মিয়াপুর গ্রামের খামারি ওবাইদুর রহমান রিগেন বলেন, আমার ৫ হাজার ব্রয়লার মুরগি রয়েছে। বিদ্যুৎ এর লুকোচুরি এবং প্রচণ্ড গরমের কারণে গত এক সপ্তাহে আমার প্রায় দেড় হাজার ব্রয়লার মুরগি মারা গেছে। ফলে লোকসান দিয়ে মুরগি বিক্রি করতে হচ্ছে। দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত হিটস্টোকের প্রকোপ সবচেয়ে বেশি। শলুয়া ইউনিয়নের চকগোচর গ্রামের মুরগির খামারের মালিক হাবিবুর রহমান জানান, খামারে মুরগিগুলো দাবদাহ সহ্য করতে পারছে না।

খামারে পর্যাপ্ত বৈদ্যুতিক পাখা লাগিয়ে, পানি ছিটিয়ে ও ভিটামিন–জাতীয় ওষুধ প্রয়োগ করেও কাজ হচ্ছে না। দাবদাহ সহ্য করতে না পেরে হিটস্টোকে তাঁর খামারে ৪৮০ টি মুরগি মারা গেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজনিন নাহার বলেন, বিদ্যুৎ না থাকলে বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা করতে হবে। খামারের ভেতরে ঠান্ডা পানি ছিটানো এবং মুরগিকে খোলামেলা পরিবেশে থাকার ব্যবস্থা করতে হবে। ভেতরে ফ্যানের বাতাস এবং মুরগিকে ভিটামিন–জাতীয় ওষুধ দিতে হবে। তাহলে হিটস্ট্রোকে মুরগি মারা যাওয়া কমে যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন