অবশেষে স্কুল থেকে সরানো হলো গ্রামীণ ব্যাংকের শাখা, পাঠদান শুরু
শামীম রেজা : রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নের শেরকোল শিমলা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে ইতোপূর্বে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল। এরপরেই নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন সহ মাধ্যমিক শিক্ষা অফিসার। সংবাদের গুরুত্ব অনুধাবন করে শুরু হয় তদন্ত। সেই সাথে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট কক্ষ ভাড়া দেয়ার বিষয়ে জানতে চায় মাধ্যমিক শিক্ষা অফিসার।
এ সময় প্রধান শিক্ষক শ্রেণী কক্ষ ভাড়া দিয়ে বিদ্যালয়ের আনুষঙ্গিক খরচ মেটাতেন বলে উল্লেখ করা হয়। সরকারি বেতন ভাতাদি পাওয়ার পর কেন শ্রেণী কক্ষ ভাড়া দিতে হবে এমন ঘটনায় লোকজনের মাঝে চরম অসন্তোষ দেখা দেয়। এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ কক্ষটি ভাড়া দিয়ে লাভবান হলেও দুর্ভোগের শিকার হতে হচ্ছিল শিক্ষার্থীদের। এ নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। তবে বিদ্যালয় কর্র্তৃপক্ষের দাবি এলাকার স্বার্থে ও প্রতিষ্ঠানের সুবিধার জন্য একটি কক্ষ ভাড়া দেওয়া হয়েছিল।
অবশেষে প্রশাসনিক তৎপরতায় শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষ থেকে সরানো হল গ্রামীণ ব্যাংকের সোনাডাঙ্গা শাখা। বর্তমানে ওই কক্ষে আবারও শুরু হয়েছে পাঠদান। সংবাদ প্রকাশের পর সবকিছুই ঠিকঠাক হয়ে গেছে। সেই সাথে গ্রামীণ ব্যাংকের ওই শাখা পাশের অন্য একটি ভবনে স্থানান্তর করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের শাখা স্থানান্তর করার ফলে শান্ত পরিবেশে পাঠদান করতে পারবে শিক্ষার্থীরা। থাকবে না আর আগের মতো বাহিরের লোকজনের চাপ।
স্থানীয় লোকজন ও বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায় ২০০৬ সাল থেকে শেরকোল শিমলা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ গ্রামীণ ব্যাংক সোনাডাঙ্গা শাখাকে ভাড়া দেওয়া হয়। ভাড়া নেওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ লোহার গ্রিল দিয়ে বড় আকৃতির কক্ষটি ঘিরে নিয়ে তাঁদের প্রতিষ্ঠানের কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যাংক মাসিক ছয় হাজার টাকা ভাড়া পরিশোধ করতেন। বিদ্যালয়ের কক্ষ সংকুলান না হওয়ার কারণে ২০১৫ সালে শিক্ষা অধিদপ্তর থেকে আরেকটি ভবন নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ে ৩৭৯ জন শিক্ষার্থী রয়েছে বলে বিদ্যালয় সূত্রে জানা যায়।
বিদ্যালয়ে গিয়ে উভয় প্রতিষ্ঠানের কার্যক্রম চলতে দেখা যায়। ভবনের দেয়ালের বড় অক্ষরে গ্রামীণ ব্যাংক, সোনাডাঙ্গা শাখা লেখা রয়েছে। গ্রামীণ ব্যাংকের অফিস কক্ষের পাশের কক্ষগুলোতে শিক্ষার্থীদের পাঠদান চলছে। এছাড়াও ব্যাংকে ঋণ দেওয়াসহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম চলার দৃশ্য চোখে পড়ে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানায়, তাদের শ্রেণিকক্ষের পাশে ব্যাংক থাকায় পাঠদানে সমস্যা হচ্ছিল। বিভিন্ন রকম বিড়ম্বনায় পড়তেন শিক্ষার্থীরা। এই বিষয়ে গ্রামীণ ব্যাংক সোনাডাঙ্গা শাখা দ্বিতীয় কর্মকর্তা জামিলুর রহমান বলেন, আমরা বিদ্যালয়ের শ্রেণী কক্ষে ভাড়া ছিলাম। প্রতিষ্ঠানে পাঠদানের স্বার্থে অন্যস্থানে ব্যাংকের অফিসটি স্থানান্তর করে নিয়েছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, এলাকাবাসী সহ বিদ্যালয়ের স্বার্থে কক্ষটি ভাড়া দেওয়া হয়েছিল। প্রশাসনের নির্দেশনায় আমরা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। সে অনুযায়ী তারা অন্যস্থানে ব্যাংকের শাখা সরিয়ে নিয়েছেন। এখন সেই কক্ষে পাঠদান করানো হচ্ছে। এই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ চাইলেই শ্রেণীকক্ষে যা ইচ্ছে তাই করতে পারেন না। তারা কেন ভাড়া দিয়েছিলেন তা জানতে চাওয়া হয়েছিল।
পরবর্তীতে ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান জানান, শ্রেণী কক্ষ ভাড়া দেয়ার বিষয়টি সংবাদ মাধ্যমে জানান পর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দ্রুত গ্রামীণ ব্যাংকের শাখা সরিয়ে ফেলার কথা বলা হয়েছিল। সে মোতাবেক ওই কক্ষ থেকে শাখাটি স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানে ক্লাস করছেন শিক্ষার্থীরা।
