১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে ভাতা পাচ্ছেন না ১৭ বীর মুক্তিযোদ্ধা

প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ৭:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
চারঘাটে ভাতা পাচ্ছেন না ১৭ বীর মুক্তিযোদ্ধা
বিজ্ঞাপন

চারঘাট থেকে প্রতিনিধি : চারঘাট উপজেলার সোনালী ব্যাংক শাখার হিসাব নম্বরে ১৭ জন বীর মুক্তিযোদ্ধার ফেব্রুয়ারি মাসের সম্মানি ভাতার টাকা জমা হয়নি। এ অবস্থায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। অনেকেই ব্যাংক কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের কাছে গিয়ে এ বিষয়টির লিখিত অভিযোগও জানিয়েছেন। সোনালী ব্যাংকের চারঘাট শাখায় খোঁজ নিয়ে জানা গেছে, বছর খানেক আগে সমাজসেবা অধিদপ্তর থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা ছাড় করা হতো। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পদ্ধতিতে বেতন ভাতা ব্যাংক হিসেবে হস্তান্তর করা হয়, বীরমুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতাও সেভাবে দেওয়া হয়। ভাতার অর্থ লেনদেন করার জন্য বীরমুক্তিযোদ্ধাদের নামে ব্যাংক হিসেব খোলা রয়েছে।

ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে প্রতিমাসের নির্ধাতির তারিখে ২০ হাজার টাকা করে সম্মানি ভাতা প্রত্যেকের ব্যাংক হিসেবে জমা হয়ে থাকে। মুঠোফোন বার্তার মাধ্যমে হিসেবধারী ভাতার অর্থ জমা হওয়ার তথ্য পেয়ে থাকেন। কিন্তু এ মাসে বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ব্যাংকে গিয়ে জানতে পারেন তাদের হিসেব নম্বরে ভাতার অর্থ জমা হয়নি। আবার কয়েকজন বীরমুক্তিযোদ্ধা ভাতার অর্থ উত্তোলন করেছেন। এনিয়ে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সম্মানী ভাতা না পাওয়া বীরমুক্তিযোদ্ধা ইমরান আলী, আব্দুল কুদ্দুস, মোকাররম হোসেন ও খোদাবক্সসহ অনেকে জানান, তারা জানুয়ারি মাসের ভাতা পেয়েছেন।

কিন্তু ফেব্রুয়ারি মাসের সম্মানি ভাতা তাদের ব্যাংক হিসেবে জমা হয়নি। তাঁরা উপজেলা প্রশাসন ও ব্যাংক কতৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন। খোঁজ খবর নিয়ে তাঁদের সমস্যার সমাধান করা হবে বলে উর্ধতন কতৃপক্ষ তাদের জানিয়েছেন। তবে বীর মুক্তিযোদ্ধাদের একটি সূত্র জানায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বীরমুক্তিযোদ্ধাদের একটি সমন্বিত তালিকা প্রনোয়ন করেছে। সেই তালিকায় যাদের নাম রয়েছে তাদের ব্যাংক হিসেবে সম্মানি ভাতার অর্থ পাঠানো হয়েছে। যাদের নামে ভাতা আসেনি তারা শুধু গেজেট ভুক্ত আছেন।

ওই গেজেট জামুকা অনুমোদন দেইনি। এ অবস্থায় তাদের নাম স্ব স্ব উপজেলায় যাচাই বাছাইয়ের জন্য পাঠালেও ওই যাচাই বাছাই প্রতিবেদনে জামুকা সন্তুষ্ট নয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাস বলেন, বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে। সোনালী ব্যাংক লিমিটেড চারঘাট শাখার ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম বলেন, তার শাখায় ওয়ারিশসহ ৩১৪ জনের মধ্যে ১৭ জন বীরমুক্তিযোদ্ধার ব্যাংক হিসেবে গত ফেব্রুয়ারি মাসের সম্মানি ভাতার টাকা জমা হয়নি। অর্থ জমা না হওয়ার বিষয়ে তিনি কোন চিঠিও পাননি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন