১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় আ’লীগের সম্মেলনে দু’পক্ষে সংঘর্ষে ২০ নেতাকর্মী আহত, আগের কমিটি বহাল

প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ৭:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাঘায় আ’লীগের সম্মেলনে দু’পক্ষে সংঘর্ষে ২০ নেতাকর্মী আহত, আগের কমিটি বহাল
বিজ্ঞাপন

বাঘা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগ বাঘা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম বাবুলসহ পূর্বের কমিটি বহাল রাখা হয়েছে। গতকাল সোমবার ওই কমিটি ঘোষনা দেয়া হয়। তবে সম্মেলনের শুরুতে কেন্দ্রীয় নেতাদের সামনেই স্থানীয় আ’লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্ততঃ ২০ নেতা-কর্মী আহত হয়েছেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, শাহদৌলা সরকারি কলেজ মাঠে সোমবার সকাল ১১ টায় সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মঞ্চে আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহন করেন।

এর পর কোরআন তেলায়াত, গীতা পাঠ ও নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় জেলা আ.লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী কর্মী সমর্থক নিয়ে কলেজের পকেট গেট দিয়ে মঞ্চের সামনে উপস্থিত হন এবং তার সমর্থকরা মঞ্চে উপবিষ্ট নেতাদের সামনে ‘আক্কাস আলী আক্কাস আলী’ শ্লোগান দিতে থাকে। তাদের প্রতিহত করার চেষ্টা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম-এর সমর্থকরা। এতে প্রতিমন্ত্রীর সমর্থকদের সঙ্গে আক্কাস আলী ও তাঁর সমর্থকরা তর্কে জড়িয়ে পড়লে সংঘর্ষ বেধে যায়।

এ সময় মঞ্চের উপরে চেয়ার ছুড়ে মারা, কাঠের বাটাম, দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি ব্যবহার করা হয়। সংঘর্ষ চলে প্রায় ঘন্টাব্যাপী। এ সময় দৌড়া-দৌড়ি, ছুটা-ছুটি করে সম্মেলনে আসা লোকজন সম্মেলন স্থল ত্যাগ করেন। সংঘর্ষে ঢাকা থেকে আগত এক নেতার প্রেস সহকারি এমএসএ রেজা, বাঘা পৌর আ’লীগের সভাপতি আাব্দুল কুদ্দুস সরকার, শাহরিয়ার হোসেন, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, মুরাদ হোসেন, লিটন ভুঁইয়া, আলম হোসেন, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুর ছোট ভাই সুজন আলী, আক্কাস আলীর ছোট ভাই আকুলসহ উভয় গ্রুপের অন্ততঃ ২০ জন আহত হন।

আহতদের মধ্যে সাইফুল ইসলাম ও সিরাজুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। ঘন্টা খানেক পর পরিস্থিতি শান্ত হলে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সভাপতিত্বে সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ,এইচ,এম খায়রুজ্জামান লিটন,

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন, সদস্য বেগম আখতার জাহান, বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, রাজশাহী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা (সাবেক এমপি), যুগ্ন সাধাারণ সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু প্রমুখ। সংঘর্ষের ঘটনা সম্পর্কে শাহরিয়ার আলম এমপি ও আক্কাছ আলীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, শান্তিপূর্ণ সমাবেশে সাবেক মেয়র আক্কাস আলী কিছু দুর্বৃত্ত নিয়ে সম্মেলন বানচাল করার অপচেষ্টা করেছিল।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ সহ আক্কাস আলী, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা মেরাজুল ইসলাম মেরাজ ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও থানা যুবলীগ সম্পাদক আব্দুল মোকাদ্দেস আলীকে বহিষ্কার করা হয়েছে। তাদের কে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য আবেদন কেন্দ্রে পাঠানো হবে। এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রন করে শান্ত করা হয়েছে। এ ঘটনায় থানা আওয়ামী লীগ সম্পাদক ও পুলিশ বাদি হয়ে অভিযোগ দাখিলের প্রক্রিয়া চলমান। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন