১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিএনপির বক্তব্যে জাতিসংঘ চপেটাঘাত করেছে : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ৬:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বিএনপির বক্তব্যে জাতিসংঘ চপেটাঘাত করেছে : তথ্যমন্ত্রী
বিজ্ঞাপন

এফএনএস : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতার প্রায় প্রতিদিনই বক্তব্য দেনÑ দেশের মানুষ ভালো নেই। তাদের এই ভালো নেই, ভালো নাই বলার মধ্যেই জাতিসংঘ রিপোর্ট দিলো সুখী দেশের সূচকে বাংলাদেশ সাত ধাপ এগিয়েছে। এটি তাদের বক্তব্যের প্রতি জাতিসংঘের কঠিন চপেটাঘাত বলে আমি মনে করি। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক ও প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, সুখী দেশের ইন্ডেক্সে যে আমরা সাত ধাপ এগোলাম, তা নিয়ে তাদের (বিএনপির) কোনও কথা নেই। সূচকে ভারত-পাকিস্তান থেকে বাংলাদেশ অনেক উপরে। ভারতের অবস্থান ১৩৬ আর পাকিস্তানের অবস্থান ১২৬। আর বাংলাদেশের অবস্থান ৯৪। আমরা যে এত এগোলাম তা নিয়ে তারা কথা বলবে না। বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, আর একটা গ্রুপ আছে তারা (সিপিবি) নিজেদের জ্ঞানী প্রমাণ করার জন্য শুধু ভুল ধরে। এই করোনাকালে এবং কোনও সংকটেই আমরা তাদের জনগণের পাশে দাঁড়াতে দেখি নাই। তবে হঠাৎ-হঠাৎ তারা কিছু রিপোর্ট প্রকাশ করে।

তবে সুখী দেশের সূচকে যে বাংলাদেশ সাত ধাপ এগোলো, তা নিয়ে তাদের কোনও রিপোর্ট নেই। দেশে ভোগ্যপণ্যে মূল্যবৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে যে ভোগ্যপণ্যের দাম বেড়েছে সেগুলো হলো আমদানি নির্ভর। সমগ্র পৃথিবীতে এ সকল পণ্যের মূল্য বাড়ায় বাংলাদেশেও তার দাম বেড়েছে। আর এটাকে সামাল দেওয়ার জন্য নিম্ন আয়ের মানুষ যাতে তা কিনতে পারে এজন্য সরকার ১ কোটি মানুষকে কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে এ সকল পণ্য কেনার ব্যবস্থা করেছেন।

এর ফলে দেশের মানুষের মধ্যে একধরনের স্বস্তি ফিরে আসছে। ড. হাছান মাহমুদ বলেন, জিল্লুর রহমান এমন একজন রাজনীতিবিদ ছিলেন যিনি রাজনীতিকে ব্রত হিসেবেই নিয়েছিলেন। রাজনীতি প্রকৃত পক্ষে একটি ব্রত। পেশা বা উন্নতির সোপান রাজনীতি হওয়া সমীচীন নয়। রাজনীতি দেশ সেবার জন্য, সমাজ পরিবর্তনের জন্য কিংবা যে আদর্শে বিশ্বাস করে রাজনীতি করেন, সেই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য। দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য একটি ব্রত। তিনি আরও বলেছেন, দুঃখজনক হলেও সত্য বেশির ভাগ রাজনীতিবিদ সেটি মনে রাখেন না এবং সেটি মনে করেন না। জিল্লুর রহমান রাজনীতিকে ব্রত হিসেবেই নিয়েছিলেন।

তার জীবন যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পায়, তিনি একেবারে তরুণ বয়স থেকে রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন। ২০০৭ সালে দলের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা ২০০৭ সালে গ্রেপ্তারের পর মতিয়া চৌধুরীর মাধ্যমে আমাদের কাছে খবর পাঠান যে, জিল্লুর রহমানই ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। তার আগে নেত্রীর বিরুদ্ধে যখন অনেকে বেসুরে কথা বলছিল, তখন দলের পক্ষ থেকে প্রেসিডিয়াম সদস্যদের একটা বিবৃতি আমি নিজে ড্রাফট করে জিল্লুর চাচার কাছে গিয়েছিলাম। তখনো নেত্রী গ্রেপ্তার হননি।

আমার লেখার ভাষাটা বেশ কড়া ছিল। তখন জিল্লুর রহমান আমাকে বললেন যে, আমাদের নামের বিবৃতি এত কড়া ভাষায় দেওয়া ঠিক হবে না। তার কথাটা আমার খুব পছন্দ হয়েছিল। বললেন, ভাষাটা একটু সফ্ট (নরম) করো। তখন আমি আবার রিরাইট করেছিলাম। আওয়ামী লীগের এই নেতা বলেন, আমাদের দলের সংকটকালে জিল্লুর রহমানের যে ভূমিকা, সেটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে লেখা থাকবে। একজন আপাদমস্তক ভদ্র মানুষ, ভালো মানুষ ছিলেন জিল্লুর রহমান। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কোনো সময় রাগতেন না তিনি।

অনেক মানুষ রাগান্বিত হয় কিন্তু জিল্লুর রহমানকে আমি কখনো রাগান্বিত হতে দেখিনি। তিনি বলেন, আজকে যে আমরা পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায়। ২০০৭-২০০৮ সালে নেত্রীর প্রতি অবিচল থেকে দলকে যদি রক্ষা করা না হতো তাহলে আমরা ২০০৯ সালে সরকার গঠন করতে পারতাম না। ২০০৮ সালের নির্বাচনে আমরা ধস নামানো বিজয় পেতাম না। আজকে যে শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতি, ২০০৮ সালে নির্বাচনে নির্বাচিত হতে না পারতাম তাহলে এটি কখনোই সম্ভব হতো না।

আর এটির ভীত রচনা করার জন্য জিল্লুর রহমানের ভূমিকা ছিলো। জিল্লুর রহমান পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ কুমার রায়, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন