দেশে করোনায় মৃত্যু বাড়ল
আরা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১১৭ জন। এদিন অ্যান্টিজেনসহ ৯ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছেন ৮২ জন। দৈনিক শনাক্তর হার শূন্য দশমিক ৯০। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জনে। মোট শনাক্তের গড় ১৪ দশমিক ২২। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৭ জন।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭০ হাজার ৪৭১ জন। শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯৫ দশমিক ৮৯ শতাংশ। এদিন মারা যাওয়া তিন জনের দুই জন পুরুষ ও একজন নারী। তারা ঢাকা, খুলনা ও ময়মনসিংহের বাসিন্দা। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
