রাজশাহীতে ফোমের গুদামে অগ্নিকাণ্ড
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে একটি পারটেক্স ও ফোমের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে নগরীর দড়িখড়বোনা এলাকার এই গুদাম ঘরটিতে লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের রাজশাহীর উপপরিচালক দিদারুল আলম জানান, শহিদুল ইসলাম বাচ্চু নামের এক ব্যক্তির মাস্টার এগ্রো অ্যান্ড হার্ডওয়্যারের গুদামের বাইরে সংস্কারের কাজ চলছিল। সেখানে একটি ওয়েল্ডিং এর ঝালাইয়ের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গুদামে ফোম ও আঠাসহ দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে দেরি হয়। তবে ভেতরে কেউ আটকা ছিলেন না। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা যায়নি। গুদামের পাশেই গুদাম মালিক শহিদুল ইসলাম বাচ্চুর বাড়ি। আগুন লাগার পর প্রথমে তাঁকে গুদামের পাশে দেখা গেলেও পর আর তাকে পাওয়া যায়নি। পুরোপুরি আবাসিক এলাকায় এ ধরনের দাহ্য পদার্থের গুদাম করার কারণে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
ঘটনাস্থলে রাসিক মেয়র
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর দড়িখড়বোনা এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। তখন গুদামের ভেতরে আগুন জ্বলছিল এবং ধোয়ার কুন্ডুলি বের হচ্ছিল। সেই অবস্থার মধ্যেই দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকেন এবং ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণের তৎপরতা পরিদর্শন করেন রাসিক মেয়র।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় সুরক্ষা বজায় রেখে ভবন নির্মাণ করতে হবে। ভবন নির্মাণের ক্ষেত্রে, অনুমোদন দেওয়ার ক্ষেত্রে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আইন মেনে ভবন নির্মাণ করা হচ্ছে কিনা, সেটিও লক্ষ্য রাখতে হবে। এটি হতে হবে একটি সমন্বিত প্রয়াস।
মেয়র আরো বলেন, গুদামের মালিক দাবি করছে, গুদামে দাহ্য পদার্থ নেই। তবে আবাসিক এলাকার ভেতরে এই গুদামে কেমিক্যাল বা দাহ্য পদার্থ ছিল কিনা সেটি খতিয়ে দেখতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
