১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় লাইসেন্স ছাড়াই চলছে ‘স’ মিল

প্রকাশিত: ১৪ মার্চ ২০২২, ৪:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাগমারায় লাইসেন্স ছাড়াই চলছে ‘স’ মিল
বিজ্ঞাপন

শামীম রেজা : রাজশাহীর বাগমারায় ব্যাঙ্গের ছাতার মতো স্থাপন করা হয়েছে ‘স’ মিল। কোন প্রকার নিয়ম নীতি না মেনেই রাস্তার পাশে বসানো হয়েছে ‘স’ মিলগুলো। ওই সকল ‘স’ মিলের কাঁঠ রাস্তার উপরে রাখা হয় দিনের পর দিন। এর ফলে যে কোন সময় দুর্ঘটনায় পড়তে হয় পথচারীদের। কাঁঠ বহণের সুবিধার্থে রাস্তা ঘেঁসে স্থাপন করা হয়ে থাকে ‘স’ মিলগুলো বলে জানাগেছে। মাড়িয়া গ্রামের রেজাউল হক বলেন, যাত্রাগাছী বাজারের প্রবেশ দ্বারে ‘স’ মিল স্থাপন করার ফলে তারা কাঁঠের গোল রাস্তার উপরে রাখেন। এতে চলাচল অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

উপজেলা বন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, বাগমারার ১৬টি ইউনিয়ন আর ২টি পৌরসভা মিলে ছোট বড় ৬৪ টি ‘স’মিল রয়েছে। ব্যক্তি মালিকানা সহ বিভিন্ন রাস্তা থেকে চুরিকরা গাছও বিক্রয় হয়ে থাকে ‘স’ মিলগুলোতে। কিছু অসাধু কাঁঠ ব্যবসায়ীর মাধ্যমে চুরিকরা গাছ রাতারাতি কেটে ব্যবহার উপযোগি করে থাকেন। লোকজনের এমন অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বন বিভাগের লোকজন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাহেরপুর, দামনাশ সহ বেশ কিছু জায়গার কয়েকটি ‘স’মিল মালিকের অর্থদন্ড করেন। দীর্ঘ সময় ধরে উপজেলার মচমইল বাজারে ‘স’ মিল পরিচালনা করে চলেছেন রতন, রহিদুল এবং আবুল হোসেন।

তবে আবুল হোসেন মারা যাওয়ার পর তার ছেলে দায়িত্ব নিয়েছেন ‘স’মিলের। ‘স’মিল মালিক রহিদুল ইসলাম বলেন, দেশে প্লাস্টিক পণ্যের কারনে অনেকটাই কমে গেছে কাঁঠের চাহিদা। সেই সাথে কাঁঠের উচ্চমূল্যের কারনেও আগের মতো কাঁঠ বিক্রয় হয় না। বন বিভাগের নিকট আবেদনের ভিত্তিতে লাইসেন্স পাওয়া যায়। কাঁঠের ওজন অনেক হওয়ায় যে সকল লোকজন কাজ করে তাদের মজুরী বেশি দিতে হয় বলেও জানা গেছে। উপজেলার অধিকাংশ ‘স’ মিলের নেই বৈধ কাগজপত্র বা অনুমোদন। কোন প্রকার অনুমোদন না থাকলেও দিব্যি কাঁঠ ফেড়ে (চিরে) চলেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ৬৪ টি ‘স’ মিলের মধ্যে মাত্র ২৩-২৪ টির বৈধ অনুমোদন রয়েছে। অন্যগুলো অনুমোদন না পেলেও চালিয়ে যাচ্ছেন তাদের কার্যক্রম। দ্রুত অবৈধ ‘স’ মিলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি রাস্তার নিকট থেকে মিলগুলো সরিয়ে অন্যস্থানে স্থাপন করা জরুরী। এতে অনেক দূর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে লোকজন। উপজেলা বন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, বাগমারা অনেক বড় উপজেলা হওয়ায় অনেক স্থানে ‘স’মিল স্থাপন করেছে লোকজন।

এর মধ্যে বেশ কিছু বৈধ থাকলেও অনুমোদনহীন রয়েছে অনেক। অনেক ‘স’মিলের আবেদন পাওয়া গেছে তদন্ত করে তাদেরকে লাইসেন্সে প্রদান করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এরই মধ্যে ৩টি ‘স’মিলে অভিযান পরিচালনা করেছি। সেই সাথে প্রয়োজনীয় কাগজপত্রাদী সংগ্রহের বিষয়েও মালিকদের বলেছি। কোন ‘স’ মিল মালিকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা ক্ষতিয়ে দেখা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন