দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেলো ৭ জনের
এফএনএস : ভারতের দিল্লিতে অগ্নিকাণ্ডে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে গোকলপুরিতে আগুনে ৬০টি কুঁড়েঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল শনিবার দমলবাহিনীর কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করেছে। আগুন নিয়ন্ত্রণে ১৩ ইউনিট অংশ নেয়। উত্তর-পূর্ব দিল্লির উপকমিশনার দেবেশ কুমার মহলা বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর আনুমানিক রাত একটার দিকে পাই।
সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দলকল বাহিনী। ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে’। দিল্লির মুখ্যমন্ত্রী টুইট বার্তায় শোক জানিয়ে বলেন, ‘সকালেই এমন একটা খারাপ খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাবো। ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবো’। কীভাবে আগুন লাগলো তার কারণ এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।
