মুদির দোকানে সার-কীটনাশক!
শিবগঞ্জ থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুদিখানার দোকানে অবৈধভাবে কীটনাশক সার, বীজ ও বিষ বিক্রি করছেন স্থানীয় কিছু ব্যবসায়ী। গতকাল বুধবার দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের দশ রশিয়া বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এতে প্রকৃত সার ও কীটনাশক ব্যবসায়ীরা নায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। সরেজমিনে গিয়ে জানা গেছে- উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া বাজারের রবিউল ইসলাম (৩৫), মকবুলের ছেলে রকিব (৩০), রোশদুলের ছেলে অফিজুল (৪০), মুখলেসুরের ছেলে গোলাপ (৪৫), নুরশেদের ছেলে কবির (৪০), নুরশেদের ছেলে শাহাজাহান (৩০),
আফসার আলীর ছেলে নাইনুল (৩২), মোশারফের ছেলে কাউসার (৩০), একই এলাকার আওয়াল (২৫), শ্যামপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে বোদ (৩১), হলদিপাড়ার গুগড় আলীর ছেলে বাবলু (৫০) ও কালু আলীসহ বেশকিছু মুদিখানার দোকানের আড়ালে অবৈধভাবে রাসায়নিক সার ও কীটনাশক বিষ বিক্রি করে আসছে। এতে স্থানীয় প্রকৃত ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় অনুমোদনপ্রাপ্ত ব্যবসায়ীরা বলেন, আমরা ব্যবসা করার জন্য সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছি। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লাভে অবৈধভাবে কীটনাশক সার-বীজ বিক্রি করছে।
এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। আমাদের বাজারে মুদি দোকানেও বিক্রি হচ্ছে বিভিন্ন ধরণের কীটনাশক সার। এতে কৃষকরা অনেক সময় নায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। প্রলোভন দেখিয়ে বেশি দামে কীটনাশক কিনছে তারা। অনেক সময় শহরের বিভিন্নস্থান থেকে খোলা সার-বীজ এখানে এনেও তারা বিক্রি করে থাকে। যা ফসলের জন্য ক্ষতিকর। পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক বলেন, লাইসেন্স ছাড়া যদি কেউ কীটনাশক সার-বীজ বিক্রয় করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, কীটনাশক বিক্রির জন্য অবশ্যই কৃষি সম্পসারণ অধিদফতর থেকে কীটনাশক বিক্রির লাইসেন্স নেয়া লাগে। তবে কেউ যদি লাইসেন্স না নিয়ে কীটনাশক বিক্রি করে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, বিষটি আমার জানা নেই। তবে দ্রুত খোঁজ খবর নিয়ে সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।
