অবশেষে প্রথম স্বামীর ঘরেই সেই তরুণী
মান্দা প্রতিনিধি : অবশেষে দ্বিতীয় স্বামীকে ছেড়ে প্রথম স্বামীর ঘরেই ফিরে গেলেন নওগাঁর মান্দা উপজেলা থেকে উদ্ধার হওয়া আলোচিত সেই তরুণী। গত রোববার বিকেলে বাবা-মার জিম্মায় মান্দা থানা থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ওই তরুণীর মা জানান, মেয়ে ভুল করে অন্য একটি ছেলের সঙ্গে চলে এসেছিল। তাঁরা বিয়েও করেছে বলে জানিয়েছে। পুলিশের হেফাজতে আসার পর তাঁকে বোঝানো হয়। এতে নিজের ভুল বুঝতে পেরে প্রথম স্বামীর ঘরেই ফিরে যেতে সম্মত হন।
এ প্রসঙ্গে মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে রোববার সকালে দ্বিতীয় স্বামীর বাড়ি থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। এসময় তাঁর দ্বিতীয় স্বামীকেও আটক করা হয়েছিল। কিন্তু ওই তরুণী কিংবা তাঁর পরিবার মামলা করতে রাজী না থাকায় বাবা-মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। ওসি আরও বলেন, মামলা না হওয়ায় ওই তরুণীর দ্বিতীয় স্বামী দাবিদার আরিফুল ইসলাম রুবেলকেও একইভাবে তাঁর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, প্রথম স্বামীকে তালাক না দিয়েই রাজধানীর বাড্ডা এলাকা থেকে গত ১৭ ফেব্রুয়ারি নিরুদ্দেশ হন ওই তরুণী। নিরুদ্দেশ স্ত্রীকে খুঁজতে গিয়ে জানাজানি হয় তাঁর দ্বিতীয় বিয়ের কাহিনি। পরে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে প্রথম স্বামীসহ ওই তরুণীর বাবা-মা মান্দা থানা পুলিশের স্মরনাপন্ন হন। পরে উপজেলার একটি গ্রাম থেকে দ্বিতীয় স্বামীসহ ওই তরুণীকে উদ্ধার করে হেফাজতে নিয়েছিল পুলিশ।
