১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁ-ঠাকুরগাঁও হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১ মার্চ ২০২২, ১১:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
নওগাঁ-ঠাকুরগাঁও হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়
বিজ্ঞাপন

এফএনএস : নওগাঁ ও ঠাকুরগাঁও জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। এ দুই জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ আইন ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন’-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে পৃথক আইন দুটি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সচিব বলেন, ‘দেশে এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে ৫২টি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ১০৮টি।

আইনর খসড়ার বিষয়ে সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী নওগাঁ জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে এ ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ আইনটি মন্ত্রিসভায় আনা হয়। এখানে ৫৬টি ধারা রয়েছে। এখানে রাষ্ট্রপতি আচার্য বা চ্যান্সেলর হবেন। তিনি স্বনামধন্য একজন শিক্ষাবিদকে চার বছরের মেয়াদে ভিসি হিসেবে নিয়োগ দেবেন। দুজন উপ-উপাচার্য এবং একজন থাকবেন ট্রেজারার। এ ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানে একটি তহবিল থাকবে, রেজিস্ট্রার অফিস থাকবে।

খসড়া আইনে আরও বলা হয়েছে, এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও শিক্ষাক্রম পরিচালনার জন্য বিধি-প্রবিধি করে নিতে পারবেন।’ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁও সফরকালে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেনÑওই এলাকায় কোনো বিশ্ববিদ্যালয় নেই, সেটি করা হবে। এ বিশ্ববিদ্যালয়েও রাষ্ট্রপতি আচার্য বা চ্যান্সেলর হবেন। তিনি স্বনামধন্য একজন শিক্ষাবিদকে চার বছরের মেয়াদে ভিসি হিসেবে নিয়োগ দেবেন। এখানেও দুজন উপ-উপাচার্য ও একজন থাকবেন ট্রেজারার। এ ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানে একটি তহবিল থাকবে, রেজিস্ট্রার অফিস থাকবে।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন