শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

দেশকে আবার অস্থিতিশীল করার পায়তারা করছে বিএনপি : লিটন

Paris
Update : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২

নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, জনগণ আওয়ামী লীগের সাথে আছেন। বিএনপি যদি নির্বাচনে আসে ভালো, না আসলেও কিছু যায় আসে না। নির্বাচন হবেই। আগামী নির্বাচনে জনগণ আবারো নৌকার পক্ষে রায় দেবে, আওয়ামী লীগকেই বিজয়ী করবে। আমাদের বিজয়ী হতেই হবে। উন্নয়নের ধারাবাহিকতা আমরা যদি ধরে রাখতে না পারি তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। বিএনপি-জামায়াত সুযোগ পেলে আমাদের সকল অর্জন নষ্ট করে ফেলবে। গতকাল শুক্রবার সকাল ১১টায় নওগাঁ জেলা স্কুল মাঠে নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা আরো বেড়েছে। লক্ষ লক্ষ তরুণ প্রজন্ম আজকে নৌকার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে। কারণ আওয়ামী লীগ সরকার তাদের পছন্দের নতুন বাংলাদেশ গড়ছে। বাংলাদেশর মানুষ জীবনে যা কল্পনা করেনি, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমাদের নিজস্ব বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে ঘুরছে। দেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এসডিজির ১৭টি লক্ষ্য পূরণের পথে বাংলাদেশ। বাংলাদেশ সত্যিকারের ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। ডিজিটাল বাংলাদেশের সকল সুযোগ সুবিধা পাচ্ছেন গ্রামের মানুষেরা।

খায়রুজ্জামান লিটন আরো বলেন, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপি সারাদেশে আগুন সন্ত্রাস করেছে। নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। জনগণের জন্য রাজনীতি করলে তারা আগুন সন্ত্রাস করতে পারতো না। আগামী নির্বাচনকে সামনে রেখে আবারো পাঁয়তারা করছে বিএনপি। তিনি আরো বলেন, আইনের মাধ্যমে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া চলছে। গত নির্বাচন কমিশন গঠনের সময়ও বিএনপি নানা কথা বলেছিল, এবারো বলছে। বিএনপিসহ কয়েকটি ছোট দল বলছে, তারা নির্বাচনে যাবেন না। অথচ তাদের দলের ডা. জাফরুল্লাহ সার্চ কমিটির কাছে নাম জমা দিয়েছে।

আমরা মনে করি, বিএনপির সাথে আলাপ করেই ডা. জাফরুল্লাহ নামগুলো দিয়েছেন। বিএনপির এক অঙ্গে নানা রূপ। রাসিক মেয়র লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে আওয়ামী লীগে ত্যাগী ও ভালো মানুষকে নেতৃত্বে আনতে হবে। যাকে দেখে মানুষ সালাম দেবে, তাকে নেতৃত্বের জন্য নির্বাচন করতে হবে।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি।

নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমলের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান সরকার এমপি, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছলিম উদ্দিন তরফদার এমপি, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হেলাল এমপি প্রমুখ।

সম্মেলনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরআগে জাতীয় ও দলীয় পতাকা উন্মোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। সম্মেলনের প্রথম অধিবেশনে নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে মাহবুবুল হক কমল ও সাধারণ সম্পাদক পদে রেজাউল করিমের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

খায়রুজ্জামান লিটন আরো বলেন, বিএনপির ২০১৪-১৫ সালে মানুষ পুড়িয়ে আগুন জ্বালাও পোড়ায় করে দেশকে অস্থিতিশীল করেছিল। তারা নির্বাচন কমিশন নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন। আইনের ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করা হয়। সার্চ কমিটির নিকট অন্যান্য রাজনৈতিক দল নাম জমা দিলেও বিএনপি নাম জমা দেয় নি। কিন্তু ড. জাফরুল্লাহ সার্চ কমিটির নিকট নাম জমা দিয়েছেন। তিনি বিএনপি’র নিকট প্রশ্ন রাখেন ড. জাফরুল্লাহ কি আপনাদের সাথে আলাপ আলোচনা না করেই নাম জমা দিয়েছেন। তারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি যতই পায়তারা করুক না কেন শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও নির্বাচনে যাবো এবং আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসবে।

বিএনপি নির্বাচনে না আসলে আমাদের কোন যায় আসে না। জনগন নির্বাচনের রায় দিবে। তিনি আরও বলেন, আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহিন ঝুড়ি আখ্যায়িত দিয়েছিলেন। বর্তমান সরকারের অভুতপূর্ব অগ্রযাত্রার কারনে সেই হেনরি কিসিঞ্জার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাওয়ের পক্ষ থেকে পুরস্কৃত করেছেন। লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারনে এখন বাংলাদেশের আপামর মানুষ চরম আরাম আয়েশে দিন যাপন করছেন।

আজ থেকে ১৫ বছর আগেও এ দেশের মানুষ একবেলা পেট ভরে ভাত খেতে পারতেন না। এক সময় সারের জন্য এদেশের মানুষকে প্রান দিতে হলেও বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে ব্যপক ভুমিকা রেখে চলেছে। কৃষকদের বিনামুল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহ অব্যহত রেখেছে। এরই ফলশ্রুতিতেই বাংলাদেশ খাদ্যে স্বংসম্পূর্নতা অর্জন করেছে। মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ঘটেছে। এই অর্জনের কৃতিত্ব বর্তমান সরকারের। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, শহিদুজ্জামান সরকার এমপি, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, আনোয়ার হোসেন হেলাল এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের স্বাস্থ ও জনসেবা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। পরে দ্বিতীয় অধিবেশনে মাহবুবুল হক কমলকে সভাপতি ও রেজাউল করিমকে সাধারন সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris