১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে দুর্নীতির দায়ে অধ্যক্ষ বরখাস্ত

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:০২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দুর্গাপুরে দুর্নীতির দায়ে অধ্যক্ষ বরখাস্ত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়ীয়া শহীদ আবুল কাশেম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামকে অনিয়ম ও দুর্নীতির দায়ে সাময়িকভাবে বরখাস্ত করেছে কলেজ পরিচালনা পর্ষদ। এ খবর ছড়িয়ে পড়লে অভিভাবক মহল ও এলাকাবাসীরা স্বস্তির নিশ্বাস ফেলেছেন। তারা কলেজ পরিচালনা পর্ষদের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

বহিষ্কারাদেশ পত্র সূত্রমতে জানা যায়, ২০১৯ সালের ২২ জুন কাঁঠালবাড়ীয়া শহীদ আবুল কাশেম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন আমিনুল ইসলাম। এরপর থেকেই বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শিক্ষকদের সাথে অশালীন আচরণ শুরু করেন তিনি। এমনকি কলেজ তহবিল থেকে বিভিন্ন বিল ভাউচার দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লোপাটের অভিযোগ রয়েছে অধ্যক্ষ আমিনুলের বিরুদ্ধে। এসকল অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষ আমিনুল ইসলামকে একাধিকবার কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

কারণ দর্শানোর নোটিশের কোন জবাব না পাওয়ায় ১২ ফেব্রুয়ারি কলেজ পরিচালনা পর্ষদের সভায় অধ্যক্ষ আমিনুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অধ্যক্ষ আমিনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে স্বস্তির নিশ্বাস ফেলেছেন অভিভাবক মহল ও এলাকাবাসী । দূর্নীতিগ্রস্থ কলেজ অধ্যক্ষকে বহিস্কার করায় কলেজ পরিচালনা কমিটির সকল সদস্যকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে কাঁঠালবাড়ীয়া শহীদ আবুল কাশেম স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আশরাফ আলী জানান, অনিয়ম, দুর্নীতি ও শিক্ষকদের সাথে অশালীন আচরণের অভিযোগে একাধিকবার পাঠানো কারন দর্শানোর নোটিশের জবাব না পাওয়ায় আমিনুল ইসলামকে অধ্যক্ষ পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে অধ্যক্ষ আমিনুল ইসলাম তাকে সাময়িক বহিস্কারের চিঠি এখনো তিনি পান নি বলেও দাবী করে বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি একজন মাদকাসক্ত ব্যক্তি। বর্তমান এডহক কমিটির মেয়াদ আছে আর তিনদিন। এই কমিটি তাকে বহিস্কার করতে পারেন না বলেও দাবী করেন তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন