১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রস্তাবনা নিয়ে আজ বিকেলে আলোচনায় বসবে সার্চ কমিটি

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
প্রস্তাবনা নিয়ে আজ বিকেলে আলোচনায় বসবে সার্চ কমিটি
বিজ্ঞাপন

এফএনএস : বিশিষ্টজনদের প্রস্তাবনা নিয়ে আজ রোববার বিকেল ৪টার পর বৈঠকে বসবে সার্চ কমিটি। এ সময় বিশিষ্টজনদের কাছ থেকে পাওয়া প্রস্তাবনাসহ নির্বাচন কমিশন গঠনে প্রাপ্ত নাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। গতকাল শনিবার বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব জানান, সার্চ কমিটিতে পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ৪০ জন, ৩৪ জন ব্যক্তিগতভাবে এবং ৯৯ জন ই-মেইলে নাম পাঠিয়েছেন। রোববার নামগুলো যাচাই-বাছাই করা হবে।

যাচাইয়ের পর নামগুলো প্রকাশ করা হবে কি না সে বিষয়ে পরে জানানো হবে। জানা গেছে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্ট নাগকরিকদের সঙ্গে প্রথম ও দ্বিতীয় দফায় বৈঠকের পর রোববার ২৩ বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, এই তালিকায় সাবেক নির্বাচন কমিশনার, আমলা, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম রয়েছে। রোববার সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ও আবদুল মোবারক,

বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যন্ট কর্নেল সাজ্জাদ আলী জহির, প্রজন্ম ৭১ এর আসিফ মুনির তন্ময় ও ডা. নুজহাত চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, সাংবাদিক ও লেখক হারুন হাবিব, কবি ও সাহিত্যিক মহাদেব সাহা, সাবেক অতিরিক্ত আইজিপি নুরুল আলম বৈঠকে অংশ নেবেন। শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবাল, অধ্যাপক মুনতাসির মামুন, ড. আইনুন নিশাত, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ ও গোলাম কুদ্দুস,

গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ারকে আমন্ত্রণ জানিয়েছে সার্চ কমিটি। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, অধ্যাপক ডা. উবায়দুল কবির চৌধুরী, ড. কাজী খলিকুজ্জামান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজের সঙ্গে বসবে সার্চ কমিটি। দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান দ্বিতীয় দিন আমন্ত্রিত হিসেবে মতামত দেবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন