ছুটি না বাড়ানোর ইঙ্গিত শিক্ষামন্ত্রীর, স্বাস্থ্য বিধি মেনে খোলার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
এফএনএস : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা সংক্রমণের হার কমছে। আশা করছি, এই হার আরও কমবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর যাতে ব্যাহত না হয়, সেজন্য শ্রেণিকক্ষে যে পাঠদান বন্ধ আছে; আশা করছি, সেটা আর বাড়াতে হবে না। গতকাল শনিবার ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স কনফারেন্স’ এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সাথে আগামীকাল (রোববার) একটি বৈঠক হওয়ার কথা ছিল।
তবে সেটি আরও দুদিন পরে হবে। সেখানে আমরা সার্বিক অবস্থা পর্যালোচনা করব। দীপু মনি বলেন, কারিগরি পরামর্শক কমিটির সাথে এর আগেও আমরা পরামর্শ করে বিজ্ঞান সম্মত সিদ্ধান্ত নিয়েছি, সামনেও নিব। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের সাথে আলোচনা করেছি। আশা করছি, সেখানে পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং শিগগিরই স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। সম্প্রতি নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। গত ২১ জানুয়ারি তেকে এই ছুটি শুরু হয়েছে। যা শেষ হওয়ার কথা ২১ ফেব্রুয়ারি।
এদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে। আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা পরামর্শ দিয়ে থাকি। তবে আমাদের পরামর্শ থাকবে স্বাস্থ্যবিধি মেনে যেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। আর স্কুল-কলেজের যে সমস্ত ছেলে-মেয়েরা এখনো টিকা নেয়নি তারা যেন দ্রুত সময়ের মধ্যে করোনার টিকা নিয়ে নেয়। গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার শুভ্র সেন্টারে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় মন্ত্রী আরও বলেন, আমাদের লক্ষ্যমাত্রার ৮৫ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।
কাজেই সংক্রমণ এবং মৃত্যুর ঝুঁকি এখন অনেকটাই কমে গেছে। এরপরও আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবেএবং বাইরে গেলেই মাস্ক পড়তে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। সামাজিক আচার-অনুষ্ঠান সীমিতভাবে করার জন্য যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা মেনে চলতে হবে। এসময় জেলা সিভিল সার্জন মোয়াজ্জেম হোসেন খান চৌধুরী, মানিকগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুতফর রহমানসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
