১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিক্ষামন্ত্রীর সঙ্গে শাবিপ্রবি শিক্ষার্থীদের বৈঠক ভিসির পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত আচার্যের

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
শিক্ষামন্ত্রীর সঙ্গে শাবিপ্রবি শিক্ষার্থীদের বৈঠক ভিসির পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত আচার্যের
বিজ্ঞাপন

এফএনএস : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান সমস্যা সমাধানে শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে সিলেট সার্কিট হাউসে শুরু হওয়া এই বৈঠক সন্ধ্যা ৬টায় শেষ হয়। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ইউজিসির সচিব ফেরদৌস আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের অপসারণ কেন প্রয়োজন তা তুলে ধরেন শিক্ষার্থীরা। এ ছাড়া অন্যান্য আরও কয়েকটি দাবি উপস্থাপন করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে দাবিগুলো পূরণের নিশ্চয়তাও চান তারা।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার সহধর্মিণী অধ্যাপক ড. ইয়াসমিন হককে শাবিপ্রবিতে এমিরেটাস অধ্যাপক করা। দেশের সব বিশ্ববিদ্যালয়ের গবেষণাখাতে প্রয়োজনীয় বাজেট বাড়ানো এবং সঠিক ব্যয় নিশ্চিতকরণ। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে কোডিং সিস্টেম চালু করা। এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নূন্যতম পিএইচডিসহ ডেমো ক্লাসের ভিত্তিতে শিক্ষার্থীদের মতামত যাচাই করা। তবে উপাচার্যের পদত্যাগের বিষয়ে আচার্য (রাষ্ট্রপতি) সিদ্ধান্ত নেবেন বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, একজন উপাচার্যকে আচার্য নিয়োগ দিয়ে থাকেন। তাই তার বিষয়ে আচার্য সিদ্ধান্ত নেবেন। শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাংবাদিকদের এ কথা জানান তিনি। দীপু মনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা জেনেছি। তাদের অনেকগুলো দাবি ছিল। যেগুলো ইতোমধ্যে পূরণ হয়ে গেছে। উপাচার্য অপসারণের ব্যাপারে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয়ের আচার্যকে অবহিত করবো। আচার্য যেহেতু একজন উপাচার্যকে নিয়োগ দেন কিংবা অপসারণ করেন সেহেতু আমরা বিষয়টি আচার্যকে অবহিত করবো।

সে বিষয় তারা সিদ্ধান্ত নেবেন। এর আগে দুপুর আড়াইটায় ক্যাম্পাস থেকে রওনা দেয় আন্দোলনরত শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন- মোহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর অর্ঘ, শাহরিয়ার আবেদিন, আমেনা বেগম, মীর রানা ও জাহিদুল ইসলাম অপূর্ব। বৈঠকে যোগ দিতে সকাল ৮টা ৫০ মিনিটে প্লেনে করে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। এ সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউজ মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। ঘটনার সূত্রপাত শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল নিয়ে। গত বছরের ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হয়। প্রায় ১৯ মাস পর ওইদিন থেকে হলে ফিরতে শুরু করেন আবাসিক শিক্ষার্থীরা। ফেরার পর হলে তারা বিভিন্ন সংস্কার দেখতে পান। পাশাপাশি বেশকিছু নতুন নিয়মনীতি ও সমস্যার সম্মুখীন হন বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের আবাসিক ছাত্রীরা। এরপর থেকে হলের এসব নিয়মনীতি, সিট বণ্টন, খাবার সমস্যা, ওয়াইফাই সমস্যা, পানির সমস্যা, বাইরের হোস্টেলের ভাড়া নিয়ে দিন দিন শিক্ষার্থীদের সঙ্গে হল প্রভোস্ট বডির দূরত্ব বাড়তে থাকে।

ছাত্রীদের অভিযোগ, এসব বিষয়ে অভিযোগ করে প্রভোস্ট বডির ‘অসদাচরণের’ শিকার হয়েছেন তারা। এসব কারণে গত ১৩ জানুয়ারি থেকে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এরপর ১৬ জানুয়ারি বিকেলে তিন দফা দাবি আদায়ে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ উপাচার্যকে উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে।

এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় পুলিশ ৩০০ জনকে অজ্ঞাত দেখিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে। এরপর শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় উপাচার্যকে দায়ী করে তার পদত্যাগ দাবি করে এতদিন আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। ২৬ জানুয়ারি টানা সাতদিনের অনশন ভাঙলেও উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন