১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিশেষ ব্যক্তিবর্গ দুর্নীতিতে আসক্ত হয়ে পড়েছেন : হাইকোর্ট

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ৬:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বিশেষ ব্যক্তিবর্গ দুর্নীতিতে আসক্ত হয়ে পড়েছেন : হাইকোর্ট
বিজ্ঞাপন

এফএনএস : অনেক বিশেষ ব্যক্তিবর্গ দুর্নীতিতে আসক্ত হয়ে পড়েছেন। জড়িতদের চিহ্নিত করে দুদক, বিচার বিভাগ, সরকারি-বেসরকারি এবং আদালতের পক্ষ থেকে সমন্বিতভাবে তাদের সতর্ক করে বার্তা দিতে হবে। যদিও এ কাজ কঠিন এবং ঝুঁকিপূর্ণ। একজন সৎ ব্যক্তি, একজন দুর্নীতিবাজ ব্যক্তির খপ্পরে পড়ে যেতে পারেন। কিন্তু তারপরও দুর্নীতিমুক্ত জাতি ও সমাজ গঠনে এ কাজ শুরু করতে হবে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দণ্ডিত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের ১৩ বছরের দণ্ড থেকে কমিয়ে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

ওই রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট এসব কথা বলেছেন। রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়, সাংবিধানিক পদধারী বা নন-পদধারী; সে যেই হোক না কেন, দুর্নীতিতে জড়িত থাকলে, তাকে বিচারের আওতায় এনে দুর্নীতির মূলোৎপাটন করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনার কারণেই দুর্নীতির মূলাৎপাটন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য। হাইকোর্টের বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সইয়ের পর গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৬৬ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়।

প্রকাশিত রায়ে হাইকোর্ট পর্যবেক্ষণে বলেছেন, দুর্নীতি একটি মানসিক ব্যাধি। আমরা সচেতনভাবে পর্যবেক্ষণ করছি, দুদক এখন পর্যন্ত এ রকম হাজারও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিকে বিচারের আওতায় আনতে সক্ষম নয়। কিন্তু এর জন্য চেষ্টা থাকতে হবে। তবে দুর্ভাগ্য যে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে দুদক গণমাধ্যমে সংবাদ প্রকাশের ওপর নির্ভর করে আছে। রায়ে হাজী সেলিমকে ৩০ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এর আগে গত বছরের ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। তবে তিন বছরের দণ্ড থেকে খালাস পান তিনি।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, বিচারিক আদালত রায়ের কপি পাওয়ার এক মাসের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে। ১০ বছরের কারাদণ্ড বহাল থাকায় হাজী সেলিম সংসদ সদস্য পদ হারাবেন। হাজী সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, আমরা আপিল বিভাগে আবেদন করবো। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জাতীয় সংসদের স্পিকারের। এর আগে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাজী সেলিমের রায়ের অনুলিপি প্রকাশ করা হয়।

রায়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১৩ বছরের কারাদণ্ড কমিয়ে ১০ বছর বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তবে তথ্য গোপনের অভিযোগে বিচারিক আদালতে তার যে তিন বছরের সাজা হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন