‘হোম ডেলিভারি’র নামে আইস-ইয়াবা দিতো তারা
এফএনএস : আইস, ইয়াবা ও আধুনিক অস্ত্র; সবই রয়েছে তাদের কাছে। এই চক্রটি কক্সবাজার থেকে মাদক রাজধানী ঢাকায় এনে ‘হোম ডেলিভারি’ দিতো। চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। গতকাল রোববার রাজধানীর ডিএনসির ডেমরার বিভাগীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এরআগে গত শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর রামপুরা ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকা মূল্যের ৪০৭ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ), ২৩৪০ পিস ইয়াবা এবং একটি পিস্তল উদ্ধার করে সংস্থাটির ঢাকা মেট্রো (দক্ষিণ) ইউনিট।
ডিএনসি’র খিলগাঁও সার্কেলের পরিদর্শক মো. ফজলুল হক খান জানান, প্রথমে রামপুরার মৌলভীরটেক এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ মো. শিপন (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ভাটারার জোহার সাহারা এলাকা থেকে ১১০ পিস ইয়াবা এবং দুই গ্রাম আইসসহ তরঙ্গ যোসেফ কস্তা (৩০) নামে আরেক যুবককে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে টেকনাফভিত্তিক একটি আইস (ক্রিস্টালমেথ) সিন্ডিকেটের সন্ধান পায় কর্মকর্তারা। এই সিন্ডিকেটের মূল হোতাকে গ্রেফতার করতে ভাটারা, খিলগাঁও এবং সবুজবাগ থানায় অভিযান চালায় বিভিন্ন এলাকায় অভিযান চালায় ডিএনসি।
তিনি আরও জানান, তথ্য-প্রযুক্তির সাহায্যে খিলগাঁও থানার ৪৬৮, পূর্ব গোড়ান ‘কাবার ছায়া’ নামের ছয় তলা ভবনের দ্বিতীয় তলা থেকে ৪০৫ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ), ২ হাজার ২০০ পিস ইয়াবা এবং একটি পিস্তলসহ (৭.৬২ বোর) আসামি মাসওয়া আকবর খান সায়েমকে (৩৫) হাতেনাতে গ্রেফতার করা হয়। টেকনাফের ফয়েজ নামের এক মাদক চোরাকারবারীর থেকে নিজেই মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকায় এনেছে বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানিয়েছে সায়েম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান বলেও জানান অধিদফতরের এই কর্মকর্তা।
