ভাসমান জনগোষ্ঠী ও কওমি শিক্ষার্থীদের টিকাদান আজ থেকে
এফএনএস : ভাসমান জনগোষ্ঠী এবং কওমি মাদ্রাসাগুলোতে আজ রোববার থেকে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল শনিবার অধিদপ্তরের করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হকএ কথা জানিয়েছেন। তিনি বলেন, রোববার বিকালে বা সন্ধ্যায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ভাসমান জনগোষ্ঠীর টিকাদান কর্মসূচি শুরু হবে। একদিনে কত সংখ্যক মানুষকে টিকা দেওয়া হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। আজই আমরা সংখ্যা নির্ধারণ করে জানিয়ে দেবো।
তবে আমাদের প্রস্তুতি থাকবে অন্তত ১ হাজার মানুষকে টিকার আওতায় আনার। রোববার সকাল থেকে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, একইভাবে একদিনে কত সংখ্যক শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে সেটাও আজই নির্ধারণ করা হবে। শিক্ষার্থীদের তালিকা নিয়ে সে অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ভাসমান বা অস্থায়ীভাবে বসবাসকারীদের জনসনের টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। কারণ এটি সিঙ্গেল ডোজ টিকা।
