১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাবার ড্যামে ভাগ্যবদল

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২২, ২:০২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাবার ড্যামে ভাগ্যবদল
বিজ্ঞাপন

শামীম রেজা : বর্ষা মৌসুম পার না হতেই পায়ে হেঁটে পার হওয়া যেত ফকিরানি নদী। নদীটির দু’পাশের বিস্তৃর্ণ উর্বর জমি থাকলেও শুধু পানির অভাবে সেগুলো অনাবাদি পড়ে থাকতো। বোরো মৌসুম না আসা পর্যন্ত নদী ধারের কৃষকদের একরকম হাত গুটিয়েই বসে থাকতে হয়। অনেক জেলে জীবন ধারণে অন্য পেশায় আত্মনিয়োগ করেছেন। বর্তমানে সেই সময়ে পরিবর্তন হয়েছে। নদী কূলের কৃষকদের হাতে এখন অনেক ব্যস্ত। এখন আর বর্ষার অপেক্ষায় থাকতে হয়না জেলেদের। বর্ষা চলে গেলেও নদীতে মাছ ধরা নিয়ে ব্যস্ত সময় পার করেন তারা।

এই দৃশ্য এখন রাজশাহীর বাগমারার বিশাল এলাকাজুড়ে। সেই সাথে সুফল পাচ্ছেন হাজার হাজার কৃষক। উপজেলার বিভিন্ন এলাকায় চোখে পড়বে ভিন্ন চিত্র। জানা গেছে বাগমারা উপজেলার ভিতর দিয়ে একে বেকে যে নদী প্রবাহিত হয়েছে তার নাম ফকিরানী নদী। এটি নওগাঁর মধ্যে দিয়ে প্রবাহিত আত্রাই নদীর একটি শাখা নদী। নওগাঁর প্রসাদপুর-জোতবাজার হয়ে এটি ফকিরানী নদী নাম ধারণ করে বাগমারায় প্রবাহিত হয়ে তা বারনই নদীর সাথে মিলিত হয়েছে। যা নলডাংগা নাটোর হয়ে যমুনার সাথে মিশেছে।

নদীর অপর অংশ বাগমারা থানার পাশ দিয়ে মোহনগঞ্জ ও নওহাটা হয়ে মিলিত হয়েছে রাজশাহীর পদ্মা নদীতে গেছেন। ফকিরানী-বারনই মিলে বাগমারায় এই নদী প্রবাহিত হয়েছে প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে। উপজেলা বিএমডিএ’র উপ-সহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, পানি শুকিয়ে গেলে নদী সংলগ্ন বিশাল এলাকার হাজার হাজার কৃষককে বর্ষার পানির অপেক্ষায় থাকতে হতো। সে সময় তাদের হাতে তেমন কোন কাজ থাকতো না। নদীতে পানির অভাবে চাষাবাদের কোন কাজ করতে পারতো না। প্রায় ৭ বছর পূর্বে নাটোরের নলডাংগা এলাকায় বিএমডিএ’র উদ্যোগে রাবার ড্যাম নির্মাণ করার ফলে নলডাংগা, বাগমারা ও মান্দা এলাকার হাজার হাজার কৃষকের ভাগ্য খুলে গেছে বলে জানান তিনি।

এখন তারা নদীর চর এলাকায় আলু, বেগুন, পিয়াজ, মরিচ, সরিষা সহ প্রায় ১৪/১৫ প্রকার রবি শস্য উৎপাদন করতে পারছে। তিন উপজেলার প্রায় পঁচিশ হাজার হেক্টর জমিতে রাবার ড্যামের সৃষ্ট পানি দিয়ে শস্য চাষ হচ্ছে। শুধু ফসলই নয়। এসব এলাকার জেলেরা এখন সারা বছর নদীতে মাছ শিকার করে সহজেই জীবিকা নির্বাহ করতে পারছে। কাচারীকোয়ালীপাড়ার কৃষক আমিনুল হক জানান, আগে বর্ষা চলে গেলে এই সময় নদী পুরোটাই শুকিয়ে যায়। তখন নদীতে কৃষক বিছন (বোরো চারার বীজ তলা) করত। এখন রাবার ড্যামের ফলে নদীতে পানি থাকায় এই পানি দিয়ে নদী পাড়ের কৃষকরা অতি সহজেই বিভিন্ন ফসল উৎপাদন করে চলেছে।

একই এলাকার মৎস্যজীবী রমজান আলী জানান, এবার বর্ষা বেশি হওয়ায় অনেক পুকুরের মাছ ভেসে গেছে। ফলে অনেক জেলে মাছ ধরে লাভবান হয়েছেন। তবে রাবার ড্যামের কারণে এখন নদী ভরা পানি থাকায় জেলেরা এখনও খেয়া জাল দিয়ে মাছ ধরতে পারছে। জেলেদের মতে, রাবার ড্যাম এখন তাদের কাছে আশির্বাদ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বাগমারা বিএমডিএ’র সহকারি প্রকৌশলী এ এস. এম. দেলোয়ার হোসেন জানান, সরকারের রাবার ড্যাম প্রকল্প চালু হওয়ায় কৃষক, মৎসজীবী সহ নিম্নআয়ের লোকজন সহজেই উপকৃত হতে পারছে।

এর ফলে কৃষি ও মৎস খাতে বাড়তি উৎপাদন সম্ভব হচ্ছে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রাজ্জাক জানান, বিএমডিএ’র রাবার ড্যাম প্রকল্প কৃষক এবং মৎসজীবীরা সারা বছর ফসল উৎপাদন সহ মাছ শিকার করতে পারছেন। রাবার ড্যাম প্রকল্প সরকারের একটি যুগান্তকরী পদক্ষেপ। এই প্রকল্পকে পরিকল্পনার মাধ্যমে আরো সম্প্রসারন করা হলে শুস্ক মৌসুমে আরো অনেক অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনা সম্ভব হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন