১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিবগঞ্জে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার চেষ্টা, স্ত্রী আটক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২২, ১:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead
শিবগঞ্জে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার চেষ্টা, স্ত্রী আটক
বিজ্ঞাপন

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গলাকাটা অবস্থায় আবদুর রশিদ নামে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী জুলেখা বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গুড্ডিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যক্তি ওই এলাকার সাজ্জাদ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন আগে জুলেখা বেগমের সঙ্গে বিয়ে হয় আবদুর রশিদের। ছেলে মেয়েদের নিয়ে ভালোই চলছিল সংসার। হঠাৎ দুই বছর আগে জুলেখা পাশের বাড়ির একটি ছেলের সঙ্গে পালিয়ে যান। তখন আবার বিয়ে করেন আবদুর রশিদ।

সম্প্রতি ফিরে আসেন জুলেখা বেগম। এতে ক্ষুব্ধ হয়ে নতুন স্ত্রী বাবার বাড়িতে চলে যান। বুধবার আনতে গেলেও তিনি আসেননি। আর সকালে আবদুর রশিদকে গলাকাটা অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। আহত আবদুর রশিদের ভাই জাকারিয়া জানান, রাতেই ভাইকে ভালো দেখেছি। এ বাড়িতে আবদুর রশিদ তার স্ত্রী ও এক সন্তান ছাড়া আর কেউ থাকে না। সকালে শোনা যায় গলাকাটা অবস্থায় পড়ে আছেন তিনি। আবদুর রশিদের স্ত্রী জুলেখা বেগম বলেন, সকালে আমি ঘুম থেকে উঠে বাইরে গেয়েছিলাম। ঘরে গিয়ে দেখি গলাকাটা অবস্থায় পড়ে আছেন স্বামী। সবাইকে ডেকে হাসপাতালে পাঠিয়েছি।

কিন্তু তারা সবাই আমাকেই দায়ী করছে। শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল খালেক জানান, নতুন স্ত্রীকে গত দুদিন আগে আনতে গিয়েছিলেন আব্দুর রশিদ, তবে তিনি আসেননি। বুধবার তালাকের কাগজ পাঠিয়েছেন। গুরুতর আহত আবদুর রশিদকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য জুলেখা বেগমকে আটক করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন