১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

‘বাবার কাঁধে সন্তানের লাশ’ হৃদয়বিদারক ঘটনার অবতারণা মতিহারের সবুজ চত্বরে

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২২, ২:৪২ অপরাহ্ণ | বিভাগ: lead
‘বাবার কাঁধে সন্তানের লাশ’ হৃদয়বিদারক ঘটনার অবতারণা মতিহারের সবুজ চত্বরে
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : সহপার্টি আর স্বজনদের কান্নায় গোটা ক্যাম্পাসের বাতাস ভারি হয়ে গেছে। কফিন কাঁধে নিয়ে শিক্ষার্থী আর আত্মীয়রা জানাজার মাঠে। চিরবিদায় জানাতে শিক্ষক-শিক্ষার্থী-আপনজনসহ হাজারো মানুষ। এসময় এক হৃদয়বিদারক ঘটনার অবতারণা হয় মতিহারের সবুজ চত্বরে। এসময় বিশ্ববিদ্যালয়ের অভিভাবক ভিসি বলে উঠলেন ‘বাবার কাঁধে সন্তানের লাশ যে কতটা ভারি তা আমি বুঝি। আজকে আমার লাশ হিমেলের কাঁধে থাকার কথা ছিলো। কিন্তু হলো উল্টো। এটা আমারই নয়, ওর মা-বাবা, আত্মীয়সজন ব›দ্ধু-বান্ধব সহপাঠি কারোই মেনে নেয়ার মতো নয়।

তবুও বিধির বিধান অনুযায়ী মেনে নিতে হচ্ছে।’ সবসময় তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন উপাচার্য। ট্রাক চাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থী হিমেলের পরিবারকে পাঁচ লক্ষ টাকা হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মাঠে জানাজার নামাজের সময় পাঁচ লক্ষ টাকা হস্তান্তরের কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। ইতিমধ্যে নিহত হিমেলের মায়ের একাউন্টে পাঁচ লক্ষ টাকা হস্তান্তর করা হয়েছে বলে জানান উপাচার্য। তিনি আরো বলেন, পাঁচ লক্ষ টাকায় শেষ নয় এটা দিয়ে আমরা শুরু করেছি ধাপে ধাপে আরো সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

আমরা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটির সাথে বসে যা যা করা দরকার তাই করবো। ট্রাক মালিক ও টিকাদারের কাছ সর্বোচ্ছ ক্ষতিপূরণ আদায় করবো। ট্রাক চালক ও টিকাদারের বিরুদ্ধে যথাযথ আইননুসারে ব্যবস্থা নিবো। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক মো. সুলতান উল-ইসলাম ও নিহত হিমেলের মামা মো. মুন্নাসহ শতশত শিক্ষার্থী। জানাজা শেষে নিহত হিমেলের এলাকা শেরপুরে তার বাবার কবরের পাশে তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ১০টি বাসে শিক্ষার্থীরা তার সহপাঠীকে শেষ বিদায়ের জন্য তার গ্রামের বাড়িতে যায়।

এদিকে নিহত হিমেলের দ্বিতীয় জানাজা শেষে গতকাল বুধবার দুপুর ২টায় নাটোর সদর উপজেলার কেন্দ্রীয় গাড়ীখানা কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর, হিমেলের আত্মীয়স্বজন, স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৯টায় হিমেলের মরদেহ চারুকলা অনুষদে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ১০টা পর্যন্ত রাখার পর তার মরদেহ বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্ত্বরে রাখা হয়। এক মিনিট নীরবতা পালন ও স্মৃতিচারণ শেষে সাড়ে ১০টায় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা সম্পন্ন হয়। পরে একটি অ্যাম্বুলেন্সযোগে হিমেলের মস্তকবিহীন লাশ নিয়ে নাটোরে তার নানা বাড়ির উদ্দেশ্যে রওয়া দেন স্বজনরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের পাশে ট্রাক চাপায় নিহত হন শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল। এরপর থেকে ক্ষুদ্ধ শিক্ষার্থীরা সহপাঠী হত্যার বিচারের দাবি তুলে আন্দোলন করছেন। ক্ষুদ্ধ শিক্ষার্থীরা ৫টি ট্রাকে আগুন ধরিয়ে দেন। এছাড়া ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে সহপাঠী হত্যার বিচার দাবি করেন। মোটরসাইকেলে থাকা অন্য দুজন গুরুতর আহত হন। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে রাতেই ক্যাম্পাস থেকে পুলিশ সরিয়ে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ঘটনায় রাতেই বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ট্রাকে আগুন দেন হিমেলের বিক্ষুদ্ধ সহপাঠীরা। একইসঙ্গে এ হত্যাকাণ্ডের বিচারের দাবি তুলে আন্দোলনে নামেন তারা। রাতভর অবরোধ করে রাখেন ঢাকা-রাজশাহী মহাসড়ক। এসময় ৬ দফা দাবি জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে ছিল- নিহতের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ১০ কোটি টাকা দিতে হবে; বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে; প্রক্টর ও প্রক্টরিয়াল বডি অপসারণ; ট্রাকের চালকসহ জড়িত সবাইকে গ্রেপ্তার করা; ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ বন্ধ করা এবং ক্যাম্পাসের রাস্তা-ঘাট মেরামত ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। রাতে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা দাবি করেন, ক্যাম্পাসে হিমেলের জানাজার আগেই ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারকে ১০ কোটি টাকার চেক দিতে হবে।

অন্যথায় ক্যাম্পাস থেকে মরদেহ নিয়ে বের হতে দেওয়া হবে না। রাত ২টার দিকে উপাচার্য বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে প্রক্টর ড. লিয়াকত আলীকে প্রত্যাহারের ঘোষণা দেন। একইসঙ্গে তাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন উপাচার্য। ওইসময় সেখানে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। তার এ আশ্বাসের পর ক্যাম্পাসে প্রথম জানাজার নামাজ শেষে হিমেলের মরদেহ নিয়ে যান স্বজনরা।

গতকাল বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার এ তথ্য নিশ্চিত করেন। অন্যদিকে ট্রাকচাপায় হিমেল নিহতের ঘটনায় চালক-হেলপারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। রাজশাহী মেট্রোপলিটন মতিহার জোনের এডিসি মো. একরামুল হক বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে ট্রাকচালক টিটু (৩৫) ও এক হেলপারকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন