১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীতে রেল শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২২, ১:০১ অপরাহ্ণ | বিভাগ: lead
নগরীতে রেল শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জহুরুল ইসলাম (৪০) নামে এক রেলওয়ে কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর মহানগরের ভদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। জহুরুল পশ্চিমাঞ্চল রেলওয়ের পোর্টার ও রেলওয়ে শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন। পুলিশ জানায়, দুপুরে রেলওয়ের জমিতে ঘাস কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ সজীব ও তার লোকজন এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। কোপানোর পর স্থানীয়রা জহুরুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত জহুরুল মহানগরের চন্দ্রিমা থানার শিরোইল কলোনি এলাকার মৃত হযরত আলীর ছেলে। তিনি পশ্চিমাঞ্চলের রেলওয়ের পোর্টার পদে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশনে কর্মরত ছিলেন। হাজরাপুকুর এলাকায় থাকা রেলওয়ে মাঠের ঘাস কাটাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। এদিকে হত্যার ঘটনায় রেলওয়ের আরেক কর্মী সজীবের বাবা মতিয়ারকে আটক করেছে চন্দ্রিমা থানা পুলিশ। স্থানীয় ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেলওয়ে কলোনি থেকে পূর্বদিকে থাকা হাজরাপুকুর সংলগ্ন রেলওয়ে মাঠের পশ্চিম দিকে ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, হাজরাপুকুর এলাকার বাসিন্দা ও রেলওেয়ের পোর্টার জহুরুল তার বাড়ির পাশে রেলওয়ের একটি জায়গায় চাষাবাদ করতেন। সেখানে চাষাবাদ করেন রেলওয়ের অপর কর্মচারী মতিয়ারের ছেলে সজীব। সেখানে চাষাবাদ নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে দুপুরে রেলওয়ে মাঠের ঘাস কাটাকে কেন্দ্র করে সজীব ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জহুরুলকে হত্যা করে। রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেন জানান, নিহত জহুরুলের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত একজনকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

মেয়রের শোক
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র মহোদয়। শোক বার্তায় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে ১৯ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী রেলওয়ে ওপেন লাইন শাখার সহ-সভাপতি জহুরুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন