রামেকের দুই ল্যাবে ২৪ ঘন্টায় সনাক্ত ৩৫৭, মৃত্যু এক
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় মোট ৬৪১ জনের নমুনা পরীক্ষায় ৩৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনা সন্দেহে মারা গেছেন একজন। গতকাল বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দৈনিক করোনা প্রতিবেদন থেকে এ তথ্য মিলেছে। রামেক প্রতিবেদন সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ১১৭ জনের করোনা ধরা পড়ে। অপরদিকে, মেডিকেল কলেজের ল্যাবে মোট ৪৬২ জনের নমুনা পরীক্ষায় ২২১ জনের করোনা ধরা পড়ে।
মেডিকেল কলেজের ল্যাবে ৪৬২ জনের মধ্যে রাজশাহীর ৪০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২২৭ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। অন্যদিকে জয়পুরহাটের ২ জনের মধ্যে ১ ও চাপাই নবাবগঞ্জের ৫২ জনের মধ্যে ১২ জনের করোনা ধরা পড়ে। রামেকের দুই ল্যাবের প্রতিবেদন অনুসারে রাজশাহীর মোট ৩৪৪ জন। এদিকে, রামেকের করোনা পর্যালোচনায় সনাক্তের হার ৫৮ দশমিক ৬০ শতাংশ। এর আগে রাজশাহীতে সনাক্তের হার ছিল ৫৫ দশমিক ৭৮ শতাংশ। প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, বর্তমানে মোট ৪৯ জন রোগী করোনা ইউনিটে ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ভর্তি আছেন ৩৪ জন, সন্দেজনক রোগীর সংখ্যা ১৩ ও করোনা নেগেটিভ হয়ে ভর্তি আছেন দুইজন। গত ২৪ ঘন্টায় আটজন নতুন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ‘দিন যতই গড়াচ্ছে রাজশাহীর পরিস্থিতি ততই অস্বাভাবিক হয়ে উঠছে। মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। গতবারের মতো এবারও স্বাস্থ্যবিধি মান্য করার জন্য জনপ্রসাশনকে শক্ত অবস্থানে যাওয়া জরুরী। অন্যথায় পরিস্থিতির আরও বিপর্যয় ঘটতে পারে। রামেকে করোনার পরিস্থিতি সামাল দেবার বিষয়ে তিনি জানান, রামেকে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার মতো প্রয়োজনীয় অক্সিজেন সাপোর্ট এর ব্যবস্থা রয়েছে। তবে সে তুলনায় জনবল নেই। সংক্রমণ বেশি হলে শয্যা সঙ্কট দেখা দিতে পারে।
