১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ট্রেনের ধাক্কা : চাঁপাইয়ে ৩ মৃত্যুর পর গেট নির্মাণ, নীলফামারীতে ৪ নারী শ্রমিক নিহত

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ৬:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ট্রেনের ধাক্কা : চাঁপাইয়ে ৩ মৃত্যুর পর গেট নির্মাণ, নীলফামারীতে ৪ নারী শ্রমিক নিহত
বিজ্ঞাপন

এফএনএস : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর এলাকায় ট্রেনের সঙ্গে ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে তিনজন নিহত হওয়ার পর রেল ক্রসিংয়ে গেট নির্মাণ করা হয়েছে। পৌরসভার অর্থায়নে ঘটনাস্থল আলীনগর-হাজীর মোড় ও গণকা-বিদিরপুর মোড়ের রেল ক্রসিংয়ে গেট নির্মাণ করা হয়। এর আগে সোমবার আলীনগর এলাকায় ট্রেনের সঙ্গে ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে তিনজন নিহত হন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে রেল ক্রসিংয়ে রাস্তার উভয় পাশে বাঁশ দিয়ে অস্থায়ী গেট নির্মাণ করা হয়েছে।

এখন থেকে পৌরসভার দুইজন লোক ট্রেন আসা-যাওয়ার সময় ওই গেট নিয়ন্ত্রণ করবে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ০৩নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ জানান, সোমবার এ মোড়ে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হন। তাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানের নির্দেশে হাজির মোড় ও বিদিরপুর মোড়ে অস্থায়ী গেট নির্মাণ করা হয়েছে। এখানে পৌরসভার আনসার সদস্যরা পালাক্রমে ডিউটি করবে।
এদিকে নীলফামারীতে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের চার নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ চার যাত্রী। হতাহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক।

গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নীলফামারী সদরের দারোয়ানী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে উত্তরা ইপিজেডের আটজন নারী শ্রমিক ইজিবাইকে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় চিলাহাটিগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেন দারোয়ানী রেলক্রসিং অতিক্রম করছিল। একইসময় ইজিবাইকটি ওই রেলক্রসিং অতিক্রম করতে গেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে যাত্রীসহ ইজিবাইকটি দুমড়ে মুচড়ে রেলপথ থেকে প্রায় ৫০ গজ দূরে ছিটকে পড়ে।

এসময় ঘটনাস্থলে মারা যায় সদরের সোনারায় ইউনিয়নের দারোয়ানী এলাকার ধনীপাড়ার আশরাফ আলীর স্ত্রী শেফালী বেগম (৩৫)। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একই এলাকার কোরানীপাড়ার বেলাল হোসেনের স্ত্রী ছায়া বানু (২৬) ও ধনীপাড়ার মোশাররফ হোসেন বদির স্ত্রী রুমা আকতার (২৫) এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ধনীপাড়ার আরমান হোসেনের স্ত্রী মিনারা আকতার (২২) মারা যায়। এ দুর্ঘটনায় আহতরা হলেন- ইজিবাইকচালক আপন হোসেন (২৮), নাজমিন আকতার (৩০), রওশন আরা (৩৪) ও রোমানা আকতার (২৮)।

এদের সকলের বাড়ি দারোয়ানী এলাকায়। সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম শাহ চারজনের মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া এ রেলপথে অরক্ষিত রেলক্রসিং থাকায় এসব যানবাহন নির্বিঘ্নে চলাচল করায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। সৈয়দপুর রেলওয়ে থানার ওসি আবদুর রহমান বিশ্বাস তিন যাত্রী নিহতের খবর নিশ্চিত করে জানান, কুয়াশার কারণে ইজিবাইক চালক ট্রেনটি দেখতে না পেলে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন