তানোরে পাউবোর বাঁধ বাণিজ্য!
তানোর প্রতিনিধি : রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কতিপয় কর্মকর্তার (এসও) বিরুদ্ধে তানোরের শিবনদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের সম্পত্তি নিয়ে বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, পাউবোর কতিপয় কর্মকর্তা এক থেকে তিন লাখ টাকা করে হাতিয়ে নিয়ে বাঁধের দুই ধারে বাড়ি-দোকান নির্মাণের মৌখিক অনুমতি দিয়েছেন বলে আলোচনা রয়েছে। এদিকে ২৩ জানুয়ারী রোববার এসব অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মেলান্দী গ্রামবাসী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর কাছে ডাকযোগে লিখিত অভিযোগ করেছেন। সরেজমিন তদন্ত করলেই এসব অভিযোগের সত্যতা পাওয়া যাবে।
জানা গেছে তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউপির মেলান্দী গ্রামে পাউবোর জমি দখল করে এসব অবৈধ স্থাপনা নির্মাণের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, মেলান্দী গ্রামের সোহরাব হোসেন, ফিরোজ আলী, ফারুক হোসেন ও মোতালেব আলী (সাবেক মেম্বর) অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করেছে। অথচ অভিযোগ করা হলেও রহস্যজনক কারণে পাউবো কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুমি অফিসের এক কর্মকর্তা জানান, পাউবোর একশ্রেণীর কর্মকর্তার মদদে তারা এভাবে সরকারী সম্পত্তি জবরদখল করেছে। এবিষয়ে জানতে চাইলে সোহরাব হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি তার কেনা সম্পত্তিতে বাড়ি করছেন। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এসও বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
