১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

টিকার কারণে হাসপাতালে রোগী কম, মৃত্যুও কম : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ৭:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
টিকার কারণে হাসপাতালে রোগী কম, মৃত্যুও কম : স্বাস্থ্যমন্ত্রী
বিজ্ঞাপন

এফএনএস : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৩ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৯শ ৯৭ জন। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ২শ ৫৬ জনের। গতকাল মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৯৫ জন।

এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৫৮ হাজার ৯শ ৫৪ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮শ ৬০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৯ হাজার ৬৯৭টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৪৯২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২২ লাখ ১২ হাজার ১শ ৭৯টি। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৮৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং ছয়জন নারী রয়েছে। মৃত ১৮ জনের শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন এবং ৯১ থেকে ১শ বছরের মধ্যে দুইজন রয়েছেন। এতে আরও বলা হয়, মৃত ১৮ জনের মধ্যে ঢাকা বিভাগের আটজন এবং চট্টগ্রাম বিভাগের ছয়জন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের একজন রয়েছে।

মৃত ১৮ জনের মধ্যে ১০ জন সরকারি হাসপাতালে এবং আটজন বেসরকারি হাসপাতালে মারা যান। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছে দুই হাজার ১শ ৫৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩শ ৭৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছে চার লাখ এক হাজার ৭শ ৫৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছে তিন লাখ ৫৯ হাজার ১৪৭ জন। এখন আইসোলেশনে আছে ৪৩ হাজার ৬০৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

এদিকে সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও হাসপাতালে রোগী কম এবং মৃত্যুও কম হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে হাসপাতালে যারা আসছেন তাদের মধ্যে ৮৫ শতাংশ করোনা টিকা নেননি বলে জানান তিনি। মন্ত্রী বলেন, যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে খুবই স্বল্প সংখ্যক (মুমূর্ষু) রোগীকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। তিনি বলেন, ওমিক্রন মাইল্ড হলেও আক্রান্তের সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে মৃত্যুও বাড়বে। করোনা মোকাবিলায় মাস্ক পরাসহ সবাইকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে ওমিক্রনের উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) এ সভার আয়োজন করে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমান তৃতীয় ঢেউ মোকাবিলায় অতীতের মতো বেসরকারি হাসপাতালগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সারা দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পেলেও ওমিক্রন ডেল্টা ভ্যারিয়েন্টের মতো ভয়াবহ নয় বলে সভায় মন্তব্য করেন বিপিএমসিএ’র সভাপতি এম এ মবিন খান। তিনি বলেন, করোনা নিয়ে ভয়ের কিছু নেই। সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ সবাই প্রস্তুত রয়েছেন।

এম এ মবিন খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্যশিক্ষা বিভাগের পরিচালক (শিক্ষা) এ এইচএম এনায়েত হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. ফরিদউদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান। এ সময় বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন