১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে করোনার ভয়ংকর রূপ!

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ৬:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীতে করোনার ভয়ংকর রূপ!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রেডজোন রাজশাহীতে করোনা ভাইরাস আক্রান্ত ভয়াবহতার দিকে এগুচ্ছে। জেলায় প্রতিদিনই করোনা শনাক্তর হারও বাড়ছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিনজন মারাও গেছেন। রাজশাহী জেলায় গতকাল সোমবার নমুনা পরীক্ষার ৫৫.৭৮ শতাংশ রোগী করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরও নেই সচেতনতা। রাজশাহীজুড়ে সরকারি বিধি-নিষেধ কিংবা স্বাস্থ্যবিধি মানার প্রবণতা একেবারেই অনুপস্থিত। এ কারণেই শনাক্তের হার প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, রাজশাহী মহানগরীর কোথাও স্বাস্থবিধি মানার বালাই নেই।

ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, দোকানপাট, রাস্তাঘাট, গণপরিবহন সকল ক্ষেত্রেই যেন চরমভাবে লঙ্ঘিত হচ্ছে স্বাস্থ্যবিধি। আগের মতই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে জনসাধারণকে রাস্তাঘাট, বাজারসহ বিভিন্ন স্থানে চলাচল করছে। নগরীর সাহেব বাজার, আরডিএ মার্কেট, নিউমার্কেটসহ বিভিন্ন শপিংমল ও খোলা বাজারে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি উপেক্ষা করে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এসময় সিংহভাগ মানুষ মাস্ক ছাড়া ঘোরাফেরা এবং ব্যবসা-বাণিজ্য করতে দেখা গেছে। নগরীর খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্টেও নেই কোনো বিধি-নিষেধ মানার প্রবণতা।

গণপরিবহন তথা বাসে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের বিধান থাকলেও গতকাল নগরীর শিরোইল বাস টার্মিনাল, ভদ্রা বাস টার্মিনালে আসন সংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে বাস চলাচল করতে দেখা গেছে। অনেকের মুখে ছিল না কোনো মাস্ক। শুধু মহানগরীর অভ্যন্তরেই নয়, জেলার ৯টি উপজেলাতেই একই অবস্থা। মুখে মাস্ক না পড়েই নিশ্চিন্তে খোশগল্পে মেতেছে তারা। আশেপাশের লোকজনের মুখে নেই মাস্ক। নগরীর কাপড়পট্টির একটি দোকানে অনেকের মুখে ছিল না মাস্ক। কাপড় কিনতে আসা একজনের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘শুনলাম, করোনায় আক্রান্ত হলেও নাকি কোনো সমস্যা হচ্ছে না। তাই আর মাস্ক পরি না।’ শুধু এখানেই নয়, রাজশাহী শহরের হাজার হাজার মানুষ এভাবেই করোনা সংক্রমণের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে দেদারছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলাচল করছে।

এদিকে সোমবার রাজশাহীর দুইটি পিসিআর ল্যাবে আরও ৩১৩ জনের শরীরে মিলেছে করোনাভাইরাসের। যার মধ্যে ৩০৪ জনই রাজশাহী জেলার। দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলারই ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করে এই ৩০৪ জনের করোনা শনাক্ত হয়। সেই হিসেবে রাজশাহী জেলাতেই নমুনা পরীক্ষার ৫৫ দশমিক ৭৮ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে জয়পুরহাটের ৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের (৯ দশমিক ৩৮ শতাংশ) দেহে করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘জনগণ ধরেই নিয়েছে ওমিক্রনে মানুষ আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হওয়া লাগছে না কিংবা মারা যাচ্ছে না। এজন্য স্বাস্থ্যবিধি মানতে মানুষের মধ্যে বেশ অনিহা তৈরী হয়েছে। কিন্তু জনগণের এমন ধারনা ভুল। কারণ করোনা যেকোনো সময় মারাত্মক আকার ধারন করতে পারে।’ ডিসি বলেন, ‘স্বাস্থবিধি মানার ব্যাপারে জনগণকে সচেতন হতে হবে। তা না হলে শুধু ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট করিয়ে কিংবা তথ্য অধিদপ্তর থেকে মাইকিং করিয়ে কোনো লাভ হবে না। গতকালও স্বাস্থ্যবিধি অমান্য করায় লাখ টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে নিয়মিত মাইকিংও করা হচ্ছে।

এদিকে দুর্গাপুর থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানান, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট পয়েন্টে দুই দিনে ৯জনের নমুনা পরীক্ষায় ৭জনের জনের দেহে প্রাণঘাতি করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬২৫ জন। মারা গেছেন দুই জন। আর চিকিৎসাধীন রয়েছে ১৩জন। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরওম) ডা. মেহেদী হাসান সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন। ডা. মেহেদী বলেন, করোনা বৃদ্ধির কারণে দ্রুত করোনা পরীক্ষা করা হচ্ছে। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষার স্পটেই রোগীদের পরীক্ষার ফলাফল হাতে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট পয়েন্টে ৫জনের নমুনা পরীক্ষায় ৩জনের পজিটিভ হয়। এরা হলো- রৈপাড়া গ্রামের পারভীন, দুর্গাপুর সদর এলাকার নার্গিস ও জহুরুল ইসলাম, আগের দিন রোববার চার জনের নমুনা পরীক্ষায় সবাই পজিটিভ হয়। তাঁরা হলেন, দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সাবিনা ইয়াসমিন, কাঁচুপাড়া গ্রামের জসিমুদ্দিন, বরিদবাশাইল গ্রামের কান্তা, মহিপাড়া গ্রামের ফজেল আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সোহেল রানা বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রাণঘাতি করোনায় থেকে রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। এই সংকটকালে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন ইউএনও।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন