ঘনকুয়াশা গুড়ি গুড়ি বৃষ্টিতে ভাসমান মানুষরা নাজেহাল
স্টাফ রিপোর্টার : হঠাৎ করেই গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর আকাশ ছিল ঘন কুয়াশায় আচ্ছন্ন। প্রায় সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টিতে নাজেহাল হয়েছেন পথচারি আর কর্মজীবিরা। একদিকে, গুড়ি গুড়ি বৃষ্টি তো অন্যদিকে শীতের যন্ত্রণায় অতিষ্ট নগরবাসি। এমন অবস্থা আরো দুদিন বিরাজ করবে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস। শীত, ঘনকুয়াশা আর ঝিরি ঝিরি বৃষ্টিতে পথশিশু আর বৃদ্ধরা পড়েছেন বিপাকে। ভাসমান মানুষদের জন্য বাইরে রাত্রি যাপন করাটা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। রেলওয়ে স্টেশন ও রেলগেটস্থ ট্রাফিক াফিসের সামনে গিয়ে দেখাগেছে, ভাসমান মানুষেরা রাত্রি যাপনের জন্য রাস্তার পাশে বিছানা করেছেন।
ঠান্ডা বাতাস, কুয়াশা আর গুড়ি ড়ুড়ি বৃষ্টি হাত থেকে রক্ষা পেতে মশারির একপাশে দিয়েছেন পাতলা পলিথিন তো অন্যদিকে একটি চাদর। কিন্তু হিমশীতল এই আবহাওয়া থেকে তবুও যেনো পরিত্রাণ মেলে না ভাসমান আর ছিন্নমূল মানুষগুলোর। মশারির একদিকে পলিথিন দিয়ে ঢাকলেও অন্যদিক দিয়ে প্রবেশ করে শীতল বাতাস আর কুয়াশা। শীতের সাথে এভাবেই কষ্ট করে রাত্রি যাপন করে নগরীর ভাসমান মানুষগুলো। কারো কপালে মশারি আর কাথা জুটলেও অন্যদের সেটাও জুটে না। শীত কুয়াশা আর বৃষ্টির সাথে এক প্রকার যুদ্ধ করেই রাত্রি যাপন করতে হয় তাদের।
এদিকে, গতকাল নগরীতে সকাল থেকে সন্ধ্যা অবদি গুড়ি গুড়ি বৃষ্টি আর ঘনকুয়াশার কারণে দিনমজুররাও পড়েছিলেন বিপাকে। অন্যদিনের মতো কাজ না পেয়ে অনেকেই ফিরে গেছেন খালি হাতে। এমন আবহাওয়া আরো কয়েকদিন চললে বিপদে পড়বেন বলে জানান শীতলাই ও কাকনহাট থেকে আসা মজিবর ও সেলিম। এদিকে, গতকালের ঘনকুয়াশা আর গুড়ি গুড়ি বৃষ্টির কারণে নগরীর অধিকাংশ স্থান ও সড়কগুলো সকাল ১১টা পর্যন্ত ছিল প্রায় জনশূণ্য। কর্মজীবি আর শ্রমজীবি মানুষ ব্যতীত তেমন কাউকে লক্ষ্য করা যায়নি তখন অবদি। বেলা ১১ টায় নগরীর বিমান মোড়, বহরমপুর ও সিএন্ডবি মোড় ছিল প্রায় জনশূন্য।
মাঘ মাসের আজ ১০ তারিখ। বাংলা এ মাসে রাজশাহীসহ দেশের সব বিভাগেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাসের শেষার্ধে শৈত্যপ্রবাহের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল রবিবার সেই সকাল থেকে সন্ধ্যা অবদি গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে রাজশাহী নগরীজুড়ে। মেঘ আর ঝিরি ঝিরি বৃষ্টির এই প্রবণতা আরও দু-দিন থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এদিকে গতকাল রবিবার সকাল আর সন্ধ্যার আগমুহুর্ত পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছাদিত ছিল রাজশাহী নগরী। ভরা দুপুরে মেলেনি সূর্যের দেখাও। বিশেষ করে নদীতীরবর্তী মহল্লাগুলোতে কুয়াশার পরিমাণ ছিল মধ্য শহরের চাইতে অনেক বেশি। দৃষ্টিসীমায় দীর্ঘ সময় ছিল কুয়াশা। সাথে রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টিও। গতকাল রবিবার সকাল ১১টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে দশমিক ২ মিলিলিটার।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এ অবস্থা আগামী আরও দুই-একদিন থাকবে। আকাশে মেঘ কেটে গেলে বাড়বে শীতের অনুভূতি। গতকাল সকাল ৬টায় রাজশাহীর সর্বোনিম্ন তামপাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। দুপুর ১২ টায় তাপমাত্রা ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৮ শতাংশ। এ বছর রাজশাহীতে সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ২০ জানুয়ারি ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যেটি ঐদিন ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তাপমাত্রা কোথাও ১১ ডিগ্রির নিচে নেই। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গল ও সীতাকুণ্ডে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিলো টেকনাফে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, গতকাল রোববার সকাল ৯টা থেকে আজ সোমবার রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।
