রাবিতে ছিনতাইয়ের ঘটনায় যুবক গ্রেফতার, ছয়টি মোবাইল উদ্ধার
বিশেষ প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে এক রাবি শিক্ষার্থী’র কাছে থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় রুবাইয়াত ওরফে বাঁধন (২১) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। গ্রেফতারকৃত বাঁধন পূর্ব মেহেরচন্ডী এলাকার সিরাজুল ইসলামের ছেলে। গতকাল রোববার দুপুরে মহানগরীর মেহেরচন্ডী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেয়া তথ্যানুযায়ী তার হেফাজত থেকে রাবিসহ শহরের বিভিন্ন এলাকা থেকে ছিনতাই হওয়া মোট ৬টি মাবাইল ফোন সেট জব্দ করা হয়।
গতকাল রোববার রাতে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারী বাঁধনের অবস্থান সনাক্ত করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাঁধন ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে।
এসময় তার হেফাজত থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডসহ শহরের বিভিন্ন ব্যাক্তির কাছে থেকে ছিনতাই করা ৬টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। ছিনতাইকারী বাঁধনকে ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল বিকেলেই আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
