১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ডেল্টার জায়গা দখল ওমিক্রনের দেশে শনাক্তর হার ৩১ শতাংশ ছাড়ালো, মৃত্যু আরো ১৪ জন

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২, ২:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ডেল্টার জায়গা দখল ওমিক্রনের দেশে শনাক্তর হার ৩১ শতাংশ ছাড়ালো, মৃত্যু আরো ১৪ জন
বিজ্ঞাপন

এফএনএস : দেশে এখনও করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাধান্য বেশি, তবে একটু একটু করে সে জায়গাটা ওমিক্রন দখল করে নিচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘দেশে ডেল্টা এখনও প্রিডমিনেন্ট ভ্যারিয়েন্ট। কিন্তু একটু একটু করে ওমিক্রন সে জায়গা দখল করে নিচ্ছে।’ ওমিক্রনের লক্ষণ উপসর্গের কথা জানিয়ে তিনি বলেন, ওমিক্রনে সংক্রমিতদের শতকরা ৭৩ শতাংশ মানুষ সর্দিতে আক্রান্ত, মাথা ব্যথা করছে ৬৮ শতাংশের, অবষণ্নতা বা ক্লান্তি অনুভব করছেন ৬৪ শতাংশ, হাঁচি দিচ্ছেন ৬০ শতাংশ, গলা ব্যথা ৬০ শতাংশ এবং কাশি দিচ্ছেন ৪৪ শতাংশ রোগী; এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।

এর সঙ্গে মৌসুমি জ¦রের মিল রয়েছে। তাই যেকোনও পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। ওমিক্রনে রোগীর সংখ্যা বাড়ছে এবং হাসপাতালে ভর্তি হওয়াও বাড়ছে জানিয়ে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘রোগীর সংখ্যা যদি প্রতিদিন বাড়তে থাকে আর স্বাস্থ্যবিধি অমান্য করে নিজের মতো করে চলতে থাকলে রোগী সংখ্যা আরও বাড়বে এবং সেটা সামগ্রিকভাবে পুরো স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ ফেলবে।’ এদিকে করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৯০৬ জন নতুনভাবে শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ। ২২ জানুয়ারি সকাল ৮টা থেকে ২৩ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত করোনায় আরও ১৪ জন প্রাণ হারিয়েছেন।

গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানিয়েছে। গত শনিবার নতুন করে শনাক্ত হয় ৯ হাজার ৬১৪ জন। অর্থাৎ একদিনেই রোগী বেড়েছে ১ হাজার ২৯২ জন। গত শনিবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৮ দশমিক ২ শতাংশ। দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ। সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৮ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৬৭ শতাংশ। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, করোনা আক্রান্তদের মধ্যে ৭৮২ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন।

তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯২ দশমিক ৩৯ শতাংশ। অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার ৩৫ হাজার ৫১টি নমুনা সংগৃহীত হয়েছে। এরমধ্যে ৩৪ হাজার ৮৫৪টি নমুনা পরীক্ষা হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ২১ লাখ ১৬ হাজার ৮৮০টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৮২ লাখ ৮৪ হাজার ৪০১টি এবং বেসরকারিভাবে ৩৮ লাখ ৩২ হাজার ৪৭৯টি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে নারী ৮ জন ও পুরুষ ৬ জন। এরমধ্যে ৬১ থেকে ৭০ বছর বয়সী ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ২ জন এবং ৩১ থেকে ৪০ বছর,

৪১ থেকে ৫০ বছর ও ৭১ থেকে ৮০ বছর বয়সী ১ জন করে মারা গেছেন। মৃত ১৪ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৫ জন। চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ২ জন করে এবং খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে মারা গেছেন একজন করে। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১১ জন আর বাকি ৩ জনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে। দেশে করোনা সংক্রমণে মৃত মোট পুরুষ ১৮ হাজার ৪১ জন এবং নারী ১০ হাজার ১৮২ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন